Sylhet Today 24 PRINT

বাধ্যতামূলক ছুটিতে ডাক অধিদপ্তরের ডিজি

সিলেটটুডে ডেস্ক |  ১০ নভেম্বর, ২০২০

দুর্নীতির অভিযোগে ডাক অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) সুধাংশু শেখর ভদ্রকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে সরকার। সোমবার (১০ নভেম্বর) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

সুধাংশুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য ১১ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাকে বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। 

‘দুর্নীতি ও দায়িত্বহীনতার’ অভিযোগ তুলে সুধাংশুকে অপসারণের ‘জোর সুপারিশ’ করেছিল ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়  সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিজ্ঞাপন

সারা দেশের উদ্যোক্তাদের সাড়ে ৮ হাজার ল্যাপটপসহ অন্য সরঞ্জামাদি সরবরাহের কথা থাকলেও অধিকাংশ ক্ষেত্রে তা সরবরাহ না করেই বিল ভাউচারের মাধ্যমে টাকা উত্তোলন, আউটসোর্সিংয়ের কাজে অতিরিক্ত বিল উত্তোলন, ই-সেন্টার স্থাপনের ক্ষেত্রে অনিয়ম, ঠিকাদারি কাজে অনিয়ম, ভারতে শতকোটি টাকা পাচার ও বাড়ি আছে- এমন অভিযোগে গত ১ সেপ্টেম্বর সুধাংশুকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ২৩ সেপ্টেম্বর সংসদীয় কমিটি ভদ্রকে অপসারণের সুপারিশ করার পর ১২ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত এই কর্মকর্তার এক মাসের অর্জিত ছুটি মঞ্জুর করে ডাকা ও টেলিযোগাযোগ বিভাগ। এর পর থেকে তিনি ছুটিতে ছিলেন।

মঙ্গলবার সেই ছুটির মেয়াদ শেষ হওয়ায় ১১ নভেম্বর থেকে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.