Sylhet Today 24 PRINT

বিএনপি নেতা কাইয়ুমের নির্দেশে তাভেল্লা হত্যাকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক  |  ২৮ অক্টোবর, ২০১৫

বিএনপি নেতা সাবেক কমিশনার আব্দুল কাইয়ুমের নির্দেশেই ইতালীয় নাগরিক তাভেল্লা সিজার হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার রাতে একাত্তর টেলিভিশনের একাত্তর জার্নাল অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

এরআগে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, ইতালির নাগরিক চেজারে তাবেল্লা হত্যাকাণ্ডের নেপথ্যে রাজনীতিবিদ রয়েছেন। কিন্তু তখন কারও নাম প্রকাশ করেননি তিনি।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতালির নাগরিক তাবেলা হত্যাকাণ্ডে শুধু ‘বড় ভাই’ আসল নয়, তার পেছনে যারা রয়েছেন তারা রাজনীতিবিদ। তারা গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। ইতোমধ্যে অনেকে বিদেশে পালিয়ে গেছেন। তাদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে। আর যারা দেশে রয়েছেন তারা গোয়েন্দা নজরদারিতে রয়েছেন।

খুনের ‘নির্দেশদাতা’ হিসেবে ঢাকার সাবেক কমিশনার কাইয়ুমের নাম রাতে একটি টেলিভিশনকে বলেন আসাদুজ্জামান কামাল।

বিএনপি নেতা কাইয়ুমের নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে কি না- প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, “হ্যাঁ।”

আর কেউ জড়িত কি না- জানতে চাইলে তিনি বলেন, আমাদের তদন্ত হচ্ছে। তদন্ত শেষে বাদ বাকি জানা যাবে।

এখন পর্যন্ত তদন্তে কাইয়ুমের জড়িত থাকার প্রমাণই কি পাওয়া গেছে- পুনরায় জানতে চাইলে আসাদুজ্জামান কামাল বলেন, “হুঁ।”

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাইয়ুম ঢাকা মহানগর কমিটিরও যুগ্ম আহ্বায়ক। সাদেক হোসেন খোকা মেয়র থাকার সময় তিনি গুলশান-বাড্ডা এলাকার কমিশনার ছিলেন।২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে গুলশান-বাড্ডা আসন থেকে বিএনপির প্রার্থী ছিলেন কাইয়ুম।স্বরাষ্ট্র মন্ত্রীর বক্তব্যের পর কাইয়ুমের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে সফল হওয়া যায়নি। দলটির কয়েকজন নেতা জানিয়েছেন, কাইয়ুম বিদেশে রয়েছেন।

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবি করা হয় ইতালিয় নাগরিক সিজার তাভেলা হত্যাকাণ্ডে জড়িত চার জনকে আটক করা হয়েছে। আটককৃতদের স্বীকারোক্তির বরাতে পুলিশের দাবি, এক ‘বড় ভাইয়ে’র নির্দেশেই এই হত্যাকাণ্ড ঘটায় তারা।

দুই বিদেশি নাগরিক হত্যার তদন্তের প্রেক্ষাপটে বিএনপি নেতাদের যোগসূত্র স্পষ্ট হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। যদিও বিএনপির পক্ষ থেকে এই যোগসূত্র নাকচ করে পাল্টা অভিযোগ তোলা হচ্ছে সরকার রাজনৈতিক উদ্দেশ্যেই নেতাদের বিরুদ্ধে এই অভিযোগ আনছে। তবে গেল কয়েকদিনের সংবাদমাধ্যমের খবর বিশ্লেষণ করে দুই বিএনপি নেতার ফেঁসে যাবার আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার ‘ভারত থেকে লন্ডনের পথে বড় ভাই’ শিরোনামে দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাবেক ওয়ার্ড কমিশনার ও বিএনপি নেতা আবদুল কাইয়ুম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.