Sylhet Today 24 PRINT

‘জঙ্গি আস্তানায়’ জিহাদি বই, পিস্তল ও বোমা তৈরির সরঞ্জাম, ৪ জনের আত্মসমর্পণ

সিলেটটুডে ডেস্ক |  ২০ নভেম্বর, ২০২০

সিরাজগঞ্জের শাহজাদপুরের শেরখালি উকিলপাড়ায় র‌্যাবের অভিযান শেষ হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টার অভিযানে চার সন্দেহভাজন জঙ্গি আত্মসমর্পণ করে। এছাড়া ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ জিহাদি প্রশিক্ষণমূলক বইপুস্তক, দুটি বিদেশি পিস্তল ও বোমা তৈরির বেশকিছু সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে র‌্যাব।

অভিযান শেষে সকাল ১১টায় প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিং-এ র‌্যাব সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মোস্তফা সরোয়ার এবং আইন ও গণমাধ্যম বিষয়ক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহসহ উচ্চপদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

আত্মসমর্পণ করা সন্দেহভাজন জঙ্গিরা হলেন- কিরণ ওরফে শামিম (২২), পাবনা জেলার সাথিয়া থানার নাইমুল ইসলাম, দিনাজপুর জেলার আতিয়ার হোসেন ও সাতক্ষীরা জেলার আমিনুল ইসলাম। তারা সবাই বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

সিরাজগঞ্জের সেই বাড়ির ৪ জনের আত্মসমর্পণ

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব কর্মকর্তারা জানান, গত ৫ নভেম্বর শাহজাদপুরের শেরখালি উকিলপাড়ায় প্রকৌশলী শামসুল হক রাজার (শিক্ষক ফজলুল হক সাহেবের বাড়ি সংলগ্ন) বাড়িটি ছাত্র পরিচয়ে ভাড়া করে ওই চার যুবক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রাজশাহীর শাহ মখদুম থানা এলাকায় নব্য জেএমবির আমির মাহবুবসহ চার জনকে আটক করে র‌্যাব-৫। আটক আমিরের তথ্যের ভিত্তিতে শাহজাদপুরে অভিযান চালান র‌্যাব সদস্যরা।

এতে আরও জানানো হয়, শুক্রবার ভোর সাড়ে ৫টায় বাড়িটি ঘিরে রাখার সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে জঙ্গিরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। বাড়িতে বড় ধরনের অস্ত্রের মজুদ আছে এমন সন্দেহে র‌্যাব জোরালোভাবে অভিযানের প্রস্তুতি নেয়। পরে আত্মসমর্পণের নির্দেশ দিলে সকাল সাড়ে ১০টার পর চার জঙ্গি র‍্যাবের কাছে আত্মসমর্পণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.