Sylhet Today 24 PRINT

আল্লামা শফীর মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত চাইলেন মুফতি ওয়াক্কাছ

সিলেটটুডে ডেস্ক |  ২০ নভেম্বর, ২০২০

হেফাজতে ইসলামের সাবেক আমির ও দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার সাবেক মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুকে অস্বাভাবিক দাবি করে এর বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস। আল্লামা শফীর মৃত্যুর আগের দুই দিন হাটহাজারী মাদ্রাসার ছাত্র বিক্ষোভকে বহিরাগত উসকানি আখ্যায়িত করে এটিরও বিচারের দাবি জানান ওয়াক্কাছ।

শুক্রবার (২০ নভেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কাউন্সিল ও সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।

তিনি বলেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই, আল্লামা আহমদ শফী সাহেবের মৃত্যু স্বাভাবিক ছিল না। একটি শক্তি হাটহাজারী মাদ্রাসায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, যার পরিণতিতে আহমদ শফী সাহেবের নির্মম মৃত্যু হয়েছে। যেটা বলবো, অস্বাভাবিক মৃত্যু, স্বাভাবিক মৃত্যু ছিল না।’

পুরো বিষয়টির বিচার বিভাগীয় তদন্ত দাবি করে মুফতি ওয়াক্কাস বলেন, ‘যদি এটি বিনা বিচারে ছেড়ে দেওয়া হয়, তাহলে পুরো কওমি অঙ্গনে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। আল্লামা শফীর এমন নির্মম মৃত্যু মেনে নেওয়া যায় না। এর জন্য আমি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাই।’

সভাপতিত্ব করেন ছাত্র জমিয়তের সহ-সভাপতি হাফেজ শাব্বির আহমদ রাজী। কাউন্সিলে সুহাইল আহমদকে সভাপতি, নিজাম উদ্দিন আল আদনানকে সাধারণ সম্পাদক ও সাজ্জাদ আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.