Sylhet Today 24 PRINT

বিএনপি থেকে সমশের মবিন চৌধুরীর পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক |  ২৯ অক্টোবর, ২০১৫

বিএনপি থেকে পদত্যাগ করেছেন সমশের  মবিন চৌধুরী বীরবিক্রম। বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন সাবেক এই আমলা। গতকাল (বুধবার) বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কাছে পদত্যাগপত্র প্রেরণ করেন তিনি।

পদত্যাগের কারণ হিসেবে শারিরীক অসুস্থতাকে উল্লেখ করেন সমশের ।

তিনি বিএনপির ভাইস চেয়ারম্যানের পাশাপাশি বর্হিবিশ্বের সাথে বিএনপির যোগাযোগের দায়িত্বে ছিলেন সিলেটের এই নেতা। সিলেট-১ আসনের আগামীদিনের সংসদ সদস্য প্রার্থী হিসেবেও ভাবা হতো তাকে।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে সমশের  জানান, অবসরে যাওয়ার বিষয়টি জানিয়ে তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে একটি চিঠি লিখেছেন।

বুধবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ওই চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি বলেন, “আমি যুদ্ধাহত একজন মুক্তিযোদ্ধা। শারীরিকভাবে এখন আর রাজনীতি করার মতো অবস্থায় নেই। এ কারণে বিএনপির সব পদ থেকে সরে গিয়ে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকেই তা কার্যকর হবে।”

বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০১-২০০৫ সাল পর্যন্ত সমশের মবিন চৌধুরী ছিলেন পররাষ্ট্র সচিবের দায়িত্বে।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দুই বছর চাকরি মেয়াদ শেষে করে ২০০৮ সালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বিএনপিতে যোগ দেন সমশের  মবিন চৌধুরী। সে সময় চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পান তিনি। ২০০৯ সালে বিএনপির কাউন্সিল হলে সমশের মবিনকে দলের ভাইস চেয়ারম্যান করা হয়।

এ বছরের শুরুতে বিএনপি ও শরিকদের টানা অবরোধ-হরতালের মধ্যে নাশকতার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সেনাবাহিনী থেকে কূটনীতিক বনে যাওয়া সমশের  মবিন। পরে আদালত তাকে জামিনে মুক্তি দেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.