Sylhet Today 24 PRINT

ফের রিমান্ডে স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক মালেক

সিলেটটুডে ডেস্ক  |  ০১ ডিসেম্বর, ২০২০

স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক আব্দুল মালেক ওরফে মালেক ড্রাইভারকে ফের দুই দিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অস্ত্র ও জাল টাকার পৃথক দুই মামলায় তাকে রিমান্ড দেওয়া হয়। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) ঢাকা মেট্রেপলিটন ম্যাজিস্ট্রেট ইয়াছমিন আরা শুনানি শেষে এই আদেশ দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা পৃথক দুই মামলায় তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ডের আবেদন করে আদালতে আসামিকে হাজির করেন। তার আবেদনের প্রেক্ষিতে বিচারক শুনানি শেষে দুই দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২১ সেপ্টেম্বর মালেককে পৃথক দুই মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

গত ২০ সেপ্টেম্বর রাজধানীর তুরাগ থানার কামারপাড়াস্থ ৪২ নম্বর বামনেরটেক হাজী কমপ্লেক্সের তৃতীয় তলার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাবের পরিচালক (মিডিয়া) লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, ‘ড্রাইভার মালেকের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ব্যবসা, জাল টাকার ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। সে তার এলাকায় সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে শক্তির মহড়া ও দাপট প্রদর্শনের মাধ্যমে ত্রাসের রাজত্ব সৃষ্টি এবং জনজীবন অতিষ্ঠ করে তুলেছিল।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মালেক জানান, তিনি পেশায় স্বাস্থ্য অধিদফতরের পরিবহন পুলের একজন ড্রাইভার এবং তৃতীয় শ্রেণির কর্মচারী। তার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি। তিনি ১৯৮২ সালে সর্বপ্রথম সাভার স্বাস্থ্য প্রকল্পে ড্রাইভার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ১৯৮৬ সালে স্বাস্থ্য অধিদফতরের পরিবহন পুলে ড্রাইভার হিসেবে চাকরি শুরু করেন। বর্তমানে তিনি প্রেষণে স্বাস্থ্য ও শিক্ষা অধিদফতরে কর্মরত রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.