Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙে দুই ব্যক্তি

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ডিসেম্বর, ২০২০

সিসিটিভি ফুটেজ থেকে নেয়া

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে গত শুক্রবার রাতে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরে অংশ নেয় দুই ব্যক্তি। ঘটনাস্থলের পাশের একটি সিসিটিভি ফুটেজে এই ঘটনা ধরা পড়েছে।

ফুটেজে দেখা গেছে, রাত ২ টার পর দুই ব্যক্তি পিঠে ব্যাগ নিয়ে এসে মই দিয়ে ওপরে ওঠে। এরপর তারা ব্যাগ থেকে হাতুড়ি বের করে ভাস্কর্য ভেঙে নিরাপদে চলে যায়।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, ঘটনার পর পুলিশ শহরের বেশ কয়েকটি সড়কের সিসিটিভির ফুটেজ উদ্ধার করেছে। এরপর ফুটেজ যাচাই করে কারা এ ঘটনায় অংশ নিয়েছিল তা শনাক্ত করতে সক্ষম হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বেশ কয়েকজনকে।

এদিকে রোববার সকাল ১১টার দিকে জেলা বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা আহ্বান করা হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলন থেকে সর্বশেষ অবস্থা জানানো হবে। সভায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাহিদুর রহমানসহ অন্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, ভালো খবর আছে। তবে সেটা পরে জানানো হবে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে যা যা করা প্রয়োজন সব করছে পুলিশ। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.