সিলেটটুডে ডেস্ক | ০৬ ডিসেম্বর, ২০২০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যসহ দেশের সকল ভাস্কর্য রক্ষায় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রোববার (৬ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট উত্তম লাহিড়ী এ রিট আবেদন দায়ের করেন। তার পক্ষে আইনজীবী হিসেবে রয়েছেন নাহিদ সুলতানা যুথী।
রিটে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। তিনি স্বাধীনতার প্রতীক। তার ভাস্কর্য অরক্ষিত থাকবে এটা হতে পারে না। এজন্য রিটে বঙ্গবন্ধুর সব ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা চাওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চে এই রিট আবেদনের শুনানি হতে পারে।
আইনজীবী নাহিদ সুলতানা যুথী সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুসহ রাষ্ট্রের যত ভাস্কর্য আছে এটা রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র যেন সেটা রক্ষায় যথাযথ ব্যবস্থা নেয় তার নির্দেশনা চেয়েছি। বঙ্গবন্ধু স্বাধীনতার প্রতীক। আমাদের স্ট্যাচু অব লিবার্টি। বাংলাদেশের একটি ঐতিহ্য আছে। বাংলাদেশের ঐতিহ্যের যে মনুমেন্টগুলো আছে এগুলো কোনো রিলিজিয়াস প্রতীকের সঙ্গে সাংঘর্ষিক না। এটার বিষয়ে নির্দেশনা চেয়েছি।