Sylhet Today 24 PRINT

"বোমাবাজদের বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নেই"

শান্তির জন্যে হোক প্রতিবাদ

নিউজ ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০১৫

যারা বোমা মেরে মানুষজন হত্যা করছে তাদের সঙ্গে সংলাপ হতে পারেনা। তারা মানবতার শত্রু আর মানবতার শত্রু বোমাবাজদের বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নেই বলে মন্তব্য করেছেন বক্তারা।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘শান্তির জন্য হোক প্রতিবাদ’ শীর্ষক কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। 

ইতিহাসের প্রসঙ্গ টেনে সাংবাদিক আবেদ খান বলেন- অতীতে মুসলিম লীগকে নিঃশেষ করেছে জামায়াত, এবার এই যুদ্ধাপরাধী সংগঠন বিএনপিকেও নিঃশেষ করে দেবে। বাংলাদেশের ইতিহাস খালেদা-তারেককে আস্তা কুঁড়ে ফেলে দেবে।

আবেদ খান আরও বলেন- যারা ক্ষমতার জন্য দেশের সাধারণ মানুষকে হত্যা করে তাদের সঙ্গে সংলাপ নয়, তাদের প্রতিরোধ করতে হবে। সারা দেশে অবরোধের নামে যে হত্যার আন্দোলন করছে বিএনপি, এর প্রতিরোধে সাধারণ মানুষ আজ প্রতিবাদ করছে। বাংলাদেশের মানুষ এবার সর্বশেষ লড়াই করবে। এই লড়াইয়ে আবারও বাংলাদেশকে জয়ী হতে হবে।

অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল বলেন, দেশ আজ দুই ভাগে বিভক্ত। এক পক্ষে বোমা মেরে সাধারণ মানুষ হত্যা করা, অন্য পক্ষে শান্তি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশ্যে নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন-  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে এসে দেখে যান আপনার হরতাল-অবরোধের ফসল। ২ ফেব্রুয়ারি সারাদেশে ১৫ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেবে, তাদের শিক্ষা জীবনের কথা ভেবে অবরোধ বন্ধ করুন।

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অপু উকিল, সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, অধ্যাপক মেজবাহ কামাল, জহিরুল হক বাপ্পী, সাফি সামদ্ধ, কাজী টিটু, অঞ্জন রায়, অনিমেষ রহমান, চারু পিন্টু, কামাল পাশা, এফএম শাহীন, গোলজার হোসেন, সুমন কোতয়াল, প্রফেসর আনোয়ার হোসেন, ড. শাহাদত হোসেন নিপু, অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লা, কবি আসলাম সানী, অধ্যাপক ড. আব্দুল মান্নান, নাজমুল হক প্রধান প্রমুখ।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.