Sylhet Today 24 PRINT

সিনহা হত্যা মামলার চার্জশিট, ওসি প্রদীপসহ আসামি ১৫

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০২০

সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে র‌্যাব। গত জুলাইয়ে কক্সবাজারের চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা রাশেদ।

কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারার আদালতে রোববার সকালে এ অভিযোগপত্র জমা দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম আদালতে এই অভিযোগপত্র জমা দেন।

তিনি বলেন, এ মামলায় ১৫ জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়েছে। গ্রেপ্তার ১৪ জন ছাড়াও পলাতক আরও একজনকে অভিযোগপত্রে আসামি করা হয়েছে।

গত ৩১ জুলাই টেকনাফে মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে নিহত হন সিনহা রাশেদ। এ সময় তার সঙ্গে ছিলেন সাহেদুল ইসলাম সিফাত। হত্যার পর সিনহারা যে রিসোর্টে ছিলেন, সেখানে তল্লাশি করে পুলিশ। মদ ও গাঁজা রাখার অভিযোগে সিনহার সহযোগী শিপ্রা দেবনাথকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। আর সিফাতের বিরুদ্ধে হত্যা মামলা করে পুলিশ। রিসোর্ট থেকে আটক করা হয় শিপ্রার আরেক সহযোগী তাহসিন রিফাত নুরকে। পরে নুরকে ছেড়ে দিলেও শিপ্রা ও সিফাতকে কারাগারে পাঠায় পুলিশ। পরে তারা জামিনে মুক্তি পান।

এদিকে সিনহার মৃত্যুর ঘটনায় তার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে টেকনাফের বিচারিক হাকিম আদালতে মামলা করেছিলেন। টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলী, টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ, এসআই নন্দ দুলাল রক্ষিতসহ মোট নয় পুলিশ সদস্যকে এ মামলায় আসামি করা হয়। বিচারক তামান্না ফারাহ মামলাটি আমলে নিয়ে টেকনাফ থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলার তদন্তভার দেওয়া হয় র‍্যাবকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.