Sylhet Today 24 PRINT

বরযাত্রীবাহী ট্রলারডুবি, নববধূ-শিশুসহ সাত জনের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ডিসেম্বর, ২০২০

নোয়াখালীর হাতিয়ায় কেরিংচর থেকে ভোলার মনপুরা যাওয়ার পথে মেঘনা নদীতে বরযাত্রীর ট্রলার ডুবে নববধূ ও দুই শিশুসহ সাতজনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ ও কোস্টগার্ড।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার চানন্দী ঘাট থেকে আনুমানিক ৭০-৮০ জন যাত্রী নিয়ে কেয়ারিংচর এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় নিখোঁজের সঠিক কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

হাতিয়া টাংকির বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুমন কবির এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়দের ভাষ্যমতে, তীব্র স্রোতের মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়।


তারা জানান, হাতিয়ার কেয়ারিংচর থেকে নববধূকে নিয়ে ঢালচরের নিজ বাড়িতে ফিরছিলেন বরযাত্রীরা। ৮০ থেকে ৮৫ জনকে নিয়ে চানন্দী ঘাট থেকে ছাড়ার কিছুক্ষণ পরই মেঘনা নদীতে দুর্ঘটনার মুখে পড়ে ট্রলারটি। পানিতে ডুবে মৃত্যু হয় শিশু-নববধূসহ সাত জনের।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস ও মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল হালিম জানান, তাৎক্ষণিক নিহতদের নাম-ঠিকানা জানা যায়নি। তবে নিহত নববধূর নাম তাসলিমা বলে জানা গেছে। দুর্ঘটনার শিকার যাত্রীরা বিভিন্ন ঘাট দিয়ে কূলে উঠছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কতজন যাত্রী নিখোঁজ তা জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.