Sylhet Today 24 PRINT

মালি মিশনে যোগ দিতে ১৪০ পুলিশ সদস্যের ঢাকা ত্যাগ

সিলেটটুডে ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০২০

জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর মালি মিশনে যোগ দিতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে রোবাবার (২০ ডিসেম্বর) রাতে মালির রাজধানী বামাকোর উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্য।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) মো. সোহেল রানা এতথ্য নিশ্চিত করেছেন।

ডেপুটি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) এ এন এফ মারূফ আবদুল্লাহর নেতৃত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের (ব্যানএফপিইউ)-১ সপ্তম রোটেশনের দ্বিতীয় দলের ৭০ জন এবং ডেপুটি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. সাইফুজ্জামানের নেতৃত্বে ব্যানএফপিইউ-২ তৃতীয় রোটেশনের দ্বিতীয় দলের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন।

বিজ্ঞাপন

পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি (এইচআরএম) মো. মাজহারুল ইসলাম, ডিআইজি (মিডিয়া এন্ড প্ল্যানিং) মো. তওফিক মাহবুব চৌধুরী এবং ইউএন অ্যাফেয়ার্স অপারেশন্স উইংয়ের কর্মকর্তারা মিশনগামী পুলিশ সদস্যদের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করে তাদেরকে বিমানবন্দরে আন্তরিক বিদায় জানান।

উল্লেখ্য, উভয় ইউনিটের অগ্রগামী দলের ১৪০ সদস্য গত ৪ ডিসেম্বর মিশন এলাকায় গিয়েছেন। তারা নির্ধারিত কোয়ারেনটাইন শেষে বর্তমানে মিশনে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ পুলিশ ২০১৩ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা ও গৌরব বৃদ্ধি করেছে।শ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.