Sylhet Today 24 PRINT

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে মামলা

সিলেটটুডে ডেস্ক |  ২২ ডিসেম্বর, ২০২০

গণস্বাস্থ্য নগর হাসপাতালে নাসরিন আক্তার নামে এক প্রসূতির অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে মামলা করা হয়েছে। এতে আসামি হিসেবে হাসপাতালটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। আছে হাসপাতালটিরও নাম।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকা ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে মামলা করেন প্রসূতির স্বামী এস এ আলম সবুজ। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২১ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলায় উল্লেখিত বাকি আসামিরা হলেন- গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক ডা. নাসরিন, ডা. শওকত আলী আরমান, গাইনি বিশেষজ্ঞ ডা. দেলোয়ার হোসেন এবং সেবিকা শংকরী রাণী সরকার।

আদালতের পেশকার জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাসরিন আক্তার নামে এক প্রসূতিকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসার জন্য তার পরিবার নিয়ে আসেন। হাসপাতালে আনার পর তার চিকিৎসা সঠিকভাবে না হওয়ায় প্রসূতির মৃত্যু হয়। এই অভিযোগে আজ প্রসূতির স্বামী আদালতে মামলা করেন।

মামলার অভিযোগে বাদী এস এ আলম সবুজ উল্লেখ করেন, তার স্ত্রী নাসরিন আক্তার গত ২৪ সেপ্টেম্বর গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি হন। তাদের ধারণা ছিল, সেখানে ভালো চিকিৎসা পাবেন। কিন্তু সেবা পাননি। নাসরিন আক্তারের প্রসব বেদনাকালীন সেবিকা শংকরী রাণীকে বারবার জানানো হলেও তিনি গুরুত্ব দেননি। রোগীর অবস্থা সংকটাপন্ন হলে সবুজ শংকরী রাণীকে ডাক্তার ডাকার অনুরোধ করেন। তখন শংকরী রাণী ইন্টার্নি চিকিৎসক শুভ ও নুপুরকে ডেকে আনেন।

অভিযোগে বলা হয়, তারা দুজন এসে জানান, সবকিছু ঠিক আছে। এরপর শংকরী রাণী ডা. দেলোয়ার হোসেন ও ডা. নাসরিনকে আসার জন্য ফোন করা হয়েছে বলে জানান। কিন্তু কোনো ডাক্তার আসেননি। এ সময় ভুক্তভোগীকে স্যালাইন, ব্যথানাশক ওষুধ প্রয়োগের অনুরোধ করলে তারা তা করেননি। শংকরী রাণী স্যালাইন, ব্যথানাশক ওষুধ ছাড়াই তাকে জোর করে বাচ্চা প্রসব করান। অতিরিক্ত রক্তক্ষরণের একপর্যায়ে সবুজের স্ত্রী একটি মেয়ে সন্তান প্রসব করেন। কিন্তু কিছুক্ষণ পর তিনি মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.