Sylhet Today 24 PRINT

এবার ডিসি সম্মেলন হচ্ছে না

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ডিসেম্বর, ২০২০

২০২০ সালের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন স্থগিত করেছে সরকার। বিষয়টি নিশ্চিত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রতি বছর ডিসি সম্মেলন হয় জুলাইয়ে। করোনাভাইরাস মহামারিতে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে আগামী বছরের ৫ থেকে ৭ জানুয়ারি এ বছরের ডিসি সম্মেলন হওয়ার কথা ছিল।

অনিবার্য কারণে ডিসি সম্মেলন স্থগিত করা হয়েছে বলে সরকারের দিক থেকে জানানো হয়েছে।

সরকারের দিক থেকে ‘অনিবার্য কারণ’ বলা হলেও করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যাচ্ছে। কর্মকর্তারা মনে করছেন, এ অবস্থায় ডিসিদের নিয়ে সম্মেলন দৃষ্টিকটু দেখায়।

গতকাল মঙ্গলবার মৌখিকভাবে সব জেলা প্রশাসককে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে চিঠি দেয়া হবে।

গত কয়েক বছর থেকেই নিয়মিত ডিসিদের নিয়ে সম্মেলনটি হয়ে আসছিল।

মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা হিসেবে ডিসিরা প্রতি বছর এই সম্মেলনের মাধ্যমে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পান। তারা নিজ নিজ জেলার উন্নয়ন প্রস্তাব, সমস্যাসহ নানা বিষয় মন্ত্রিপরিষদ বিভাগে জানিয়ে থাকেন।

প্রতি বছর প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিসি সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সম্মেলনের শেষ দিনে রাষ্ট্রপতির আমন্ত্রণে নৈশ ভোজে যোগ দেন ডিসিরা। গত সম্মেলন থেকে জাতীয় সংসদের স্পিকার, দেশের প্রধান বিচারপতির সঙ্গেও বৈঠকের সুযোগ পাচ্ছিলেন ডিসিরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.