Sylhet Today 24 PRINT

যুক্তরাজ্য ফেরতদের কোয়ারেন্টিন বাধ্যতামূলক

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ডিসেম্বর, ২০২০

করোনার দ্বিতীয় ধাক্কায় টালমাটাল যুক্তরাজ্য। এরই মধ্যে দেশটি থেকে ছড়িয়ে পড়েছে নতুন ধরনের করোনাভাইরাস। এর ফলে যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে জার্মানি, ইতালি, বেলজিয়াম, আয়ারল্যান্ড, তুরস্ক এবং কানাডাসহ বিশ্বের অন্তত ৪০টি দেশ। একই কারণে করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট ছাড়া যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আশকোনা কোয়ারেন্টিন সেন্টারের জিন এক্সপার্ট টেস্ট এবং ভ্রাম্যমাণ গবেষণাগার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরনটি বাংলাদেশ যেন ছড়াতে না পারে তার সতর্কতা হিসেবে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘করোনা ভাইরাসের এই নতুন ধরনটি সম্পর্কে আমরা জেনেছি। আমরা নির্দেশনা দিয়েছি যারা ইউকে থেকে আসবে তাদের সাতদিন কোয়ারেন্টিনে রাখতে হবে।সাতদিন কোয়ারেন্টিন শেষে যুক্তরাজ্য ফেরত যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পরে তারা বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টিন করবেন।’

এছাড়া বিমানবন্দরে যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের জন্য ইমিগ্রেশনে আলাদা লাইন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি আরও বলেন,  ‘সেখানে এসে তারা আলাদা লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশনের প্রয়োজনীয় কাজ সারবেন। আমরা চাই না নতুন ধরনের করোনাভাইরাস বাংলাদেশে আবার ছড়িয়ে পড়ুক।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যুক্তরাজ্যের সঙ্গে যোগাযোগ বন্ধ হবে কি না তা নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশ এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আমরা বসে নেই। ফ্লাইট বাতিল করা হবে কিনা তা আলোচনায় আছে। আমরা অতি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিব। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে এ আলোচনা হচ্ছে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা নাসিমা সুলতানা, আশকোনা কোয়ারেন্টিন সেন্টারের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল সাইফুর রহমান, ডিএমএফআর এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফাইজুর রহমান বক্তব্য রাখেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন,  ‘আজকে যেসব পরীক্ষা পদ্ধতি উদ্বোধন হলো তা দিয়ে নমুনা পরীক্ষা করতে পারব। এটা করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় সাহায্য করবে।’

এর আগে ভ্রাম্যমাণ আরটি পিসিআর ল্যাব উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এই ল্যাব পরিচালনা করবে ডিএমএফআর মলিক্যুলার ল্যাব এন্ড ডায়াগনস্টিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.