Sylhet Today 24 PRINT

রাজধানীতে জেএমবি সদস্য গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক  |  ২৩ ডিসেম্বর, ২০২০

রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ফয়সাল খান ওরফে কাঞ্চন ওরফে ফাহিম (৩৪)। ফাহিমের বাড়ি দিনাজপুরের হাকিমপুরের বাংলাহিলির উত্তর বাসুদেবপুরে।

বুধবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে এটিইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যমুনা ফিউচার পার্ক মার্কেটের দক্ষিণ পাশের বসুন্ধরা রোডের শাহী বিরিয়ানী দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ফাহিম জেএমবির লিয়াজোঁ শাখার অন্যতম দায়িত্বপ্রাপ্ত বলে দাবি করেছে এটিইউ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ফাহিম ও তার সহযোগীরা এক গোপন বৈঠকে একত্রিত হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ফাহিম নিজেদের মধ্যে প্রশিক্ষণ ও প্রযুক্তির মাধ্যমে তথ্য আদান প্রদান করে একে অপরকে সাহায্য, সহায়তা ও প্ররোচিত করাসহ বিভিন্নভাবে উগ্রবাদি কার্যক্রম চালিয়ে আসছিল’।

তার বিরুদ্ধে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.