Sylhet Today 24 PRINT

পরীক্ষা নিলে নিরাপত্তা দেবে পুলিশ

হরতাল-অবরোধের মধ্যে সরকার সূচি অনুযায়ী এসএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে পরীক্ষার্থীদের সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে বলে শিক্ষার্থী ও অভিভাবকদের আশস্ত করেছেন পুলিশ প্রধান।

নিউজ ডেস্ক |  ৩১ জানুয়ারী, ২০১৫

আগামী সোমবার থেকে সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর সূচি রয়েছে, যাতে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী অংশ নেবে। এ মাসের শুরু থেকে চলমান অবরোধের মধ্যেই পরীক্ষা শুরুর আগের দিন থেকে সারা দেশে ৭২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি।

এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের শঙ্কা ও আতঙ্কের মধ্যে শনিবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক সাংবাদিকদের বলেন, সরকার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলে পুলিশ সব ধরনের নিরাপত্তা সহযোগিতা দেবে। পরীক্ষা কেন্দ্র ও শিক্ষার্থীদের যাতায়াতসহ সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে।

তবে এজন্য জনগণেরও সহযোগিতা দরকার মন্তব্য করে নাশকতা ঠেকাতে সাধারণ মানুষকে এগিয়ে আসতে বলেন তিনি।

পরীক্ষার সময় হরতাল-অবরোধের মতো কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “একজন নাগরিক হিসেবে, একজন পিতা হিসেবে অনুরোধ করছি, ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে, দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সময়টুকু হরতাল-অবরোধ প্রত্যাহার করুন।”

বর্তমানে হরতাল-অবরোধে চোরাগোপ্ত হামলা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “এগুলো রাজনৈতিক নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড।”

এ সময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মোখলেছুর রহমান ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি প্রধান খালেদা জিয়া ৫ জানুয়ারি বর্ষপূর্তির দিনে ঢাকায় সমাবেশ করতে না পেরে সারা দেশে লাগাতার অবরোধ ডাকেন, যার মধ্যেই বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে হরতাল হচ্ছে।

সোমবার পরীক্ষা শুরুর আগের দিন থেকে অবরোধের পাশাপাশি ৭২ ঘণ্টার হরতালের ঘোষণা আসায় নির্ধারিত তারিখে এসএসসি পরীক্ষা শুরু হবে কি না সে বিষয়ে রোববার সিদ্ধান্ত দেবে শিক্ষা মন্ত্রণালয়। 

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.