Sylhet Today 24 PRINT

ঢাকায় সাপের বিষসহ গ্রেপ্তার ৬

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ডিসেম্বর, ২০২০

রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ আন্তর্জাতিক চোরাচালান চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, মো. মাসুদ রানা (২৪), মো. ছফির উদ্দিন শানু (৫০), মো. তমজিদুল ইসলাম ওরফে মনির (৩৪), মো. আলমগীর হোসেন (২৬), ফিরোজা বেগম (৫৭) ও আসমা বেগম (৪২)।

র‌্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার র‌্যাব-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর দক্ষিণখান থানাধীন ৫০ নম্বর ওয়ার্ড গুলবার মুন্সি সরণী রোডে কয়েকজন আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য বিপুল পরিমাণ সাপের বিষ নিয়ে চোরাচালানের উদ্দেশ্যে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে র‌্যাবের দল বৃহস্পতিবার বিকেলে সেখানে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে চোরাচালান চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

এসময় তাদের সাথে থাকা ব্যাগের ভেতর তল্লাশি করে কাচের জারে রাখা ৮ কেজি ৯৬ গ্রাম (জারসহ) সাপের বিষ পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা। এছাড়াও তাদের সাথে থাকা সাপের বিষ সংক্রান্ত সিডি এবং সাপের বিষের ম্যানুয়াল বই উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, একটি নিদিষ্ট গোষ্ঠীর কাছে সাপের বিষ ব্যাপক চাহিদা থাকায় অধিক মুনাফার লোভে পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে সাপের বিষ সংগ্রহ করে চোরাচালান করে আসছে। গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.