Sylhet Today 24 PRINT

এবার সময় প্রকাশনের ফরিদ আহমেদকে হত্যার হুমকি

সিলেটটুডে ডেস্ক  |  ০১ নভেম্বর, ২০১৫

দুই প্রকাশনা সংস্থায় হামলার পরদিনই 'সময় প্রকাশনের' কর্ণধারকে হত্যার হুমকি দেয়া হয়েছে। সময় প্রকাশনীর প্রকাশক ফরিদ আহমেদ জানান, রোববার সকাল ১০টার দিকে তার মোবাইল ফোনে এসএমএম পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়।

“০১৭২১-৪২৫০০৮ নম্বর থেকে একটি এসএমএম এসেছে। তাতে লেখা আছে, ‘নাস্তিকদের অনেক বই ছেপেছ। মৃত্যুর জন্য প্রস্তুত হও। আল-আহারার ইউকে।”

জাগৃতি প্রকাশনের প্রকাশককে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধারসহ আরও তিনজনকে কুপিয়ে জখমের পরদিন এমন হুমকি পেয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করার কথা জানিয়েছেন তিনি।

ফরিদ বলেন, “পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। বন্ধুদের সঙ্গে আলোচনার পর কি করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেব।”

শনিবার রাজধানীর লালমাটিয়ায় উগ্রবাদীদের হামলায় অভিজিৎ রায়ের বইয়ের এক প্রকাশক শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুল, লেখক রণদীপম বসু, কবি তারেক রহিমে প্রাণে বেঁচে গেলেও সন্ধ্যায় আজীজ মার্কেটে জাগৃতি প্রকাশনীর কর্ণধার আরেফিন ফয়সাল দীপন নিজ কার্যালয়েই খুন হন।

পরে রাত ৯টার দিকে আনসার আল ইসলাম নামের একটি টুইটার একাউন্ট থেকে নিজেদের আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস) দাবি করে এসব হামলার দায় স্বীকার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.