সিলেটটুডে ডেস্ক | ০১ নভেম্বর, ২০১৫
শাহবাগে অজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনকে যারা খুন করেছে তাদের সবার ছবি মার্কেটের ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ফুটেজে ধরা পড়েছে।
জাগৃতির কার্যালয়ে প্রবেশ থেকে শুরু করে তাদের বের হওয়া এবং বাইরে থেকে তালা দেয়ার পুরো বিষয়টিই ফুটেজে পরিষ্কার বলে দাবি করেছেন মার্কেট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মোরসালিন। খবর সূত্র : ইত্তেফাক।
তিনি বলেন, এ ফুটেজ তদন্তের স্বার্থে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে দেয়া হবে। ফুটেজ দেখে খুনিদের শনাক্ত করা যাবে বলে জানান তিনি।
মোরসালিন বলেন, সাতটি ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে রাখা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করলে এই ফুটেজ তাদের কাজে আসবে। যারা ওই স্টলে প্রবেশ করছে ও বের হচ্ছে তাদের সবার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে।
আজিজ সুপার মার্কেটের এক ব্যবসায়ী জানান, পুরো মার্কেটটি ক্লোজ সার্কিট ক্যামেরায় মনিটরিং করা হয়। পুরো মার্কেটের প্রতিটি দোকানে প্রবেশ থেকে শুরু করে মার্কেটের বাইরে রাস্তার দৃশ্যও ক্যামেরায় ধরা পড়ে।
ফলে এই মার্কেটে অপকর্ম করে সিসিটিভি এড়িয়ে যাওয়া কারো পক্ষে সম্ভব নয়। এই ঘটনায়ও ফুটেজে সবার পরিষ্কার ছবি পাওয়া যাবে।
উল্লেখ্য, নৃশংস জোড়া হামলা চালিয়ে রাজধানীতে শনিবার (৩১ অক্টোবর) জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনকে এবং শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, রণদীপম বসু ও তারেক রহিমকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। হামলায় আহতরা এজন্যে জঙ্গি মৌলবাদীদের দায়ি করেছেন এবং আনসার আল ইসলাম নামের এক জঙ্গি সংগঠন এর দায় স্বীকার করেছে।
বেলা আড়াইটার দিকে লালমাটিয়ায় প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা চালানো হয়। সেখান থেকে প্রতিষ্ঠানটির কর্ণধার আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে হাসপাতালে নিয়ে যখন চিকিৎসা চলছিল, তখন জানা যায় শাহবাগে আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটে আরেক প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির কার্যালয়ের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন প্রতিষ্ঠানের কর্ণধার ফয়সাল আরেফিন দীপন।
দুটি ক্ষেত্রেই হামলার পর কার্যালয়ের দরজায় তালা ঝুলিয়ে দিয়ে যায় জঙ্গি মৌলবাদীরা।