Sylhet Today 24 PRINT

শৈত্যপ্রবাহ কমছে

সিলেটটুডে ডেস্ক  |  ০৩ জানুয়ারী, ২০২১

দেশে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং কমেছে শৈত্যপ্রবাহ কবলিত এলাকা। এখন মাত্র ৩ জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে, ২ জানুয়ারি যা ছিল ৭ জেলায়।

তবে এখনও ১০ ডিগ্রির কাছাকাছি রয়েছে আরও ৯ জেলায় তাপমাত্রা। নওগাঁ, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এটি কমে আসতে পারে। 

আগামী দুইদিন তাপমাত্রা একই রকম থাকতে পারে। তবে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে শীতের অনুভূতি একই রকম থাকতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

৩ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮ দশমিক ২ সেলসিয়াস, এই এলাকায় শনিবার তাপমাত্রা ছিল ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ রাজারহাটে ৯ দশমিক ১ এবং চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় রবিবার ১৫ ডিগ্রি সেলসিয়াস, শনিবার ছিল ১৬ দশমিক ১। ময়মনসিংহে শনিবার ছিল ১১, আজ সেখানে ১১ দশমিক ২ সেলসিয়াস। চট্টগ্রামে শনিবার ছিল ১৩ দশমিক ৯, আজ ১৫ দশমিক ৫ সেলসিয়াস। সিলেটে শনিবার ছিল ১৩ দশমিক ৯, আজ ১৪ দশমিক ৪ সেলসিয়াস। রাজশাহীতে শনিবার ছিল ১০ দশমিক ৫, আজ সেখানে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রংপুরে রবিবার তাপমাত্রা একই আছে, অর্থাৎ ১১ ডিগ্রি সেলসিয়াস। খুলনায় শনিবার ছিল ১২, আজ সেখানে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বরিশালে শনিবার ছিল ১০ দশমিক ৭, আজ সেখানে তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানান, কয়েকদিনের মধ্যে শৈত্যপ্রবাহ কমে আসবে। তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে শীতের প্রকোপ আগের মতোই থাকতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.