Sylhet Today 24 PRINT

নিহত দীপনের বাবাকে নিয়ে করা মন্তব্যে হানিফের দুঃখ প্রকাশ

সিলেটটুডে ডেস্ক  |  ০২ নভেম্বর, ২০১৫

উগ্র ধর্মীয় মৌলবাদীদের হাতে নিহত জাগৃতি প্রকাশনীর প্রকাশক আরেফিন ফয়সাল দীপনের বাবার বক্তব্যের সমালোচনার করে দেয়া নিজের বক্তব্যের জন্য কয়েক ঘণ্টার মধ্যেই দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেতা মাহাবুব-উল আলম হানিফ।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছেলে ফয়সাল আরেফিন দীপন খুন হওয়ার পর ক্ষোভ প্রকাশ করে আবুল কাসেম বলেন, ছেলে হত্যার বিচার তিনি চান না।

যারা ধর্মনিরপেক্ষতাবাদ ও রাষ্ট্রধর্ম নিয়ে ‘রাজনীতি’ করছেন তাদের শুভবুদ্ধি উদয়ের প্রত্যাশাই করছেন তিনি। কেবল আইন দিয়ে এই সমস্যার সমাধান হবে না, এটি সমাধান করতে হলে রাজনৈতিক উদ্যোগের প্রয়োজন বলেছিলেন তিনি।।

এই বক্তব্যের প্রতিক্রিয়ায় হানিফ বলেছিলেন - দীপনের বাবাব হয়ত 'খুনীদের মতাদর্শী'।

তিনি বলেছিলেন, “হত্যাকারীদের আদর্শে বিশ্বাসী বলেই পুত্র দীপন হত্যার বিচার চাননি বাবা আবুল কাসেম ফজলুল হক।”

হানিফের এ বক্তব্য বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হলে ফেইসবুকে সোচ্চার প্রতিবাদ করতে দেখা যায় অনেককেই।

এ বিষয়ে হানিফ বিভিন্ন সংবাদ মাধ্যমে নিজ থেকে যোগাযোগ করে দুঃখ প্রকাশ করে বলেন তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে তিনি এই নিয়ে বলেন-

“আসলে আমি এটা বলতে চাইনি। আমি বলতে চেয়েছিলাম, উনি যদি বিচার না চান, তাহলে ওই মতাদর্শের লোকেরা এতে উৎসাহিত হবে।”

শনিবার সন্ধ্যায় শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে এর কর্ণধার ফয়সল আরেফিন দীপনের রক্তাক্ত লাশ পাওয়া যায়।

এই প্রকাশনী থেকে বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের ‘বিশ্বাসের ভাইরাস’ বইটি প্রকাশিত হয়েছিল, যিনি নিজেও গত ফেব্রুয়ারিতে একই কায়দায় হামলায় নিহত হন। একই দিনে শুদ্ধস্বর প্রকাশনীতেও হামলা হলে প্রকাশক আহমেদুর রশিদ টুটুল, লেখক রণদীপম বসু, কবি তারেক রহিম গুরুত্বর আহত হন। তারা এখন চিকিৎসাধীন। উভয় ঘটনারই দায় স্বীকার করে টুইটার বার্তা দিয়েছে আনসার আল ইসলাম।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.