Sylhet Today 24 PRINT

বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ : ৯ জন কারাগারে

সিলেটটুডে ডেস্ক  |  ০৬ জানুয়ারী, ২০২১

বৌভাতের অনুষ্ঠানে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে বরিশালে বর ও কনে পক্ষের হামলা-সংঘর্ষে বরের চাচা নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) সকালে নিহতের ছেলে সুরুজ মীর বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি রেখে এ মামলা করেন।

এ মামলায় ৯ আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকেলে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন বলে জানিয়েছেন নগরীর বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) জাহিদ-বিন আলম।

অপরদিকে বুধবার দুপুরে বরিশাল মর্গে ময়নাতদন্ত শেষে আজাহার মীরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্র জানায়, রোববার (৩ জানুয়ারি) দক্ষিণ রফিয়াদি গ্রামের সজীব মীর বরিশাল নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার রুনা বেগমকে বিয়ে করেন। ওইদিন রুনা বেগমকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নেয়া হয়। গতকাল মঙ্গলবার বরের বাড়িতে বৌভাত অনুষ্ঠানে কনে পক্ষের ৪৮ জন অতিথি অংশগ্রহণ করে। খাবারের এক পর্যায়ে মাংস কম দেয়াকে কেন্দ্র করে কনে পক্ষের অতিথিদের সাথে বর পক্ষের লোকজনের বাদানুবাদ হয়। এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। দুই পক্ষের হামলা সংঘর্ষের মধ্যে পড়ে আঘাত লেগে বরের চাচা আজহার মীর ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনার পরপরই স্থানীয়রা কনে পক্ষের ১২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের মধ্য থেকে তিনজনকে ছেড়ে দেয় পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.