সিলেটটুডে ডেস্ক | ০২ নভেম্বর, ২০১৫
রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বরেরর কার্যালয়ে ঢুকে কবি, প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, লেখক রণদীপম বসু ও তারেক রহিমের ওপর আক্রমণের ঘটনায় গুরুতরভাবে আহত তিনজনই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আহতদের মধ্যে টুটুল ও রণদীপম বসুর অবস্থা উন্নতির দিকে হলেও এখনও শংকামুক্ত নন তারেক রহিম। তিনজনের চিকিৎসায় গঠন করা হয়েছে নয় সদস্যের মেডিক্যাল বোর্ড।
রোববার টুটুলকে কেবিনে স্থানান্তর করে চিকিৎসকরা বলেছেন, তার অবস্থান এখন উন্নতির দিকে। তবে একই হামলায় আহত তারেক রহিমের অবস্থা সবচেয়ে সঙ্কটাপন্ন। রোববার রাত পর্যন্ত তার পেটে বিদ্ধ হওয়া গুলিটি বের করা যায়নি।
চিকিৎসকদের ভাষ্যমতে, তিন আহতদের মধ্যে লেখক ও ব্লগার রণদীপম বসুর অবস্থা সবচেয়ে শঙ্কামুক্ত। গতকাল রোববার সকালে তাকেও কেবিনে দেয়া হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. খাজা আবদুল গফুর জানান, নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এহসান আহমেদকে প্রধান করে ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের আবাসিক সার্জন ডা. রিয়াজ মোর্শেদ জানান, রোববার আহতদের শরীরে কয়েক দফায় অস্ত্রোপচার করা হয়েছে। তারেক রহিমের হাতেই পাঁচ-ছয়টি কাটা জখম আছে, যা হাড়েও লেগেছে। তার তলপেটে বিদ্ধ গুলিটি এখন নিরাপদ স্থানে আছে। অবস্থা জটিল হওয়ার কারণে অস্ত্রোপচার করা যাচ্ছে না।
উল্লেখ্য, নৃশংস জোড়া হামলা চালিয়ে রাজধানীতে শনিবার (৩১ অক্টোবর) জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনকে এবং শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, রণদীপম বসু ও তারেক রহিমকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। হামলায় আহতরা এজন্যে জঙ্গি মৌলবাদীদের দায়ি করেছেন এবং আনসার আল ইসলাম নামের এক জঙ্গি সংগঠন এর দায় স্বীকার করেছে।
বেলা আড়াইটার দিকে লালমাটিয়ায় প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা চালানো হয়। সেখান থেকে প্রতিষ্ঠানটির কর্ণধার আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে হাসপাতালে নিয়ে যখন চিকিৎসা চলছিল, তখন জানা যায় শাহবাগে আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটে আরেক প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির কার্যালয়ের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন প্রতিষ্ঠানের কর্ণধার ফয়সাল আরেফিন দীপন।
দুটি ক্ষেত্রেই হামলার পর কার্যালয়ের দরজায় তালা ঝুলিয়ে দিয়ে যায় জঙ্গি মৌলবাদীরা।
কবি, প্রকাশক আহমেদুর রশীদ টুটুলের শুদ্ধস্বর প্রকাশনা সংস্থা থেকে খুন হওয়া ব্লগার অভিজিৎ রায়ের ‘সমকামিতা’, ‘অবিশ্বাসের দর্শন’, ‘ভালবাসা কারে কয়’ নামক বইগুলোও প্রকাশিত হয়। এ ছাড়া ২০১৫ সালের বইমেলায় প্রকাশিত হয়েছিল অভিজিৎ রায় ও মীজান রহমানের যৌথ লেখা ‘শূন্য থেকে মহাবিশ্ব’।