Sylhet Today 24 PRINT

রাজধানীতে \'ও\' লেভেল পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

সিলেটটুডে ডেস্ক  |  ০৭ জানুয়ারী, ২০২১

রাজধানীর কলাবাগান থানা এলাকায় ‘ও’লেভেল পড়ুয়া এক কিশোরীকে (১৭) ধর্ষণের পর হত্যা করার অভিযোগ ওঠেছে। নিহত কিশোরী রাজধানীর ধানমন্ডির মাস্টার মাইন্ড স্কুলের ছাত্রী। এ ঘটনায় পুলিশ মেয়েটির বন্ধু দীহানসহ চারজনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার দুপুরে কলাবাগানের ডলফিন গলিতে দীহানের বাসায় এই ধর্ষণের ঘটনা ঘটে। পরে অসুস্থ হয়ে পড়লে দীহানসহ চার বন্ধু মেয়েটিকে ধানমন্ডির মডার্ন আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে বিকালে হাসপাতালে তার মৃত্যু হয়।

চিকিৎসকরা বলছেন, ধর্ষণের শিকার হওয়ার পর মেয়েটির শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। তার পেটের ডান পাশে আঘাতের চিহ্ন ছিল। পরে কলাবাগান থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

কলাবাগান থানার পরিদর্শক (অপারেশন) ঠাকুর দাস বলেন, ওই ছাত্রীর বাসা ধানমন্ডির সোবহানবাগে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ওই ছাত্রী তার বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে বাসা থেকে বের হয়ে যায়। কলাবাগানের ডলফিন গলিতে দীহানের বাসায় যায় ওই ছাত্রী। দীহানের বাসা তখন ফাঁকা ছিল। সেখানে ওই ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার পর অসুস্থ হয়ে পড়লে দীহান তার তিন বন্ধুকে ফোন করে ডেকে আনে। পরে তারা অসুস্থ ছাত্রীকে চিকিৎসার জন্য মডার্ন আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বিকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে কলাবাগান থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.