Sylhet Today 24 PRINT

স্বীকারোক্তি না দিলে দীহানের রিমান্ড চাইবে পুলিশ

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জানুয়ারী, ২০২১

রাজধানীর ধানমন্ডির মাস্টার মাইন্ড স্কুলের 'ও' লেভেলের ছাত্রী (১৭) ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার তানভীর ইফতেখার দীহানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করবে পুলিশ। শুক্রবার দুপুরে নিউমার্কেট জোনের পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) আবুল হাসান এতথ্য জানিয়েছেন।

তিনি জানান, দীহানকে শুক্রবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার চেষ্টা করা হবে। জবানবন্দি না দিলে পুলিশ আদালতের কাছে ৭ দিনের রিমান্ড চাইবে।

বৃহস্পতিবার ধানমন্ডির বাসা থেকে বেরিয়ে কলাবাগান এলাকায় যান ওই স্কুলছাত্রী। দীহান কলাবাগানের ডলফিন গলির বাসায় নিয়ে যায় তাকে। ওই বাসাতেই অতিরিক্ত রক্তক্ষরণে অচেতন হয়ে পড়েন ধর্ষণের শিকার শিক্ষার্থী।

পরে দীহান তাকে নিয়ে যায় ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানিয়ে দেন, হাসপাতালে নেওয়ার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে মেয়েটির মৃত্যু হয়েছে।

পুলিশের ধারণা, মৃত্যুর আগে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে। তার শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই। ধর্ষণের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে তার। এ ঘটনায় দীহানসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতেই দীহানকে আসামি করে ধর্ষণ ও হত্যার ঘটনায় একটি মামলা করেন ওই ছাত্রীর বাবা। স্বজনদের দাবি, মেয়েটিকে বাসায় ডেকে ধর্ষণ করে হত্যা করেছে দীহান ও তার সহযোগীরা। হত্যার বিচার দাবি করেন তারা। ওই শিক্ষার্থী ধানমন্ডির মাস্টার মাইন্ড স্কুলের 'ও' লেভের ছাত্রী ছিলেন।

পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান বলেন, দীহানের বাসায় স্কুলছাত্রীর রক্তক্ষরণের বিভিন্ন আলামত পাওয়া গেছে। বাসার বিভিন্ন জায়গায় রক্ত দেখা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.