Sylhet Today 24 PRINT

সিরাজগঞ্জে শিশু গৃহকর্মীকে ‘নির্যাতন’, কলেজ শিক্ষিকা গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১০ জানুয়ারী, ২০২১

সিরাজগঞ্জে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে সিরাজগঞ্জ সরকারী কলেজের দর্শন বিভাগের লেকচারার শিউলী মল্লিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত ৮টার দিকে শহরের ফজলখান রোড ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় জানিয়ে রোববার (১০ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহা উদ্দিন ফারুকী জানান, গত ৭ জানুয়ারি শিউলি মল্লিকা গৃহকর্মী শিশু মিনতি খাতুন (১০) হারিয়ে গেছে মর্মে সিরাজগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করা হয়।

বিজ্ঞাপন

এরপর ৯ জানুয়ারি সন্ধ্যায় শিশু মিনতিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে থানায় এনে জিজ্ঞাসাবাদে জানা যায় শিক্ষিকা শিউলি মল্লিকা অমানবিক নির্যাতন সইতে না পেরে বাসা থেকে বেরিয়ে যায় এবং মিনতির শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। প্রতিদিন এই শিশুকে নির্যাতন করা হতো বলে মিনতি জানায়। মিনতির বাবা মক্কা ও মা মমতা মারা গেছে মিনতির ৬ মাস বয়সে।

সে গৃহকর্মী নানী রহিমা খাতুনের কাছে বড় হয়। নানীর অভাবের সংসারে খাবার না পেয়ে ৯ বছর বয়সে গৃহকর্মীর কাজে আসে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা হাসপাতালের ডাক্তার নুরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী সিরাজগঞ্জ সরকারী কলেজের দর্শন বিভাগের শিক্ষিকা শিউলি মল্লিকার শহরের ফজল খান রোডের বাসায়। গৃহকর্মী হিসেবে কাজে যোগদানের মাস খানেক পর থেকেই শিউলি মল্লিকা শিশু মিনতির উপর অমানবিক নির্যাতন করতো।

বিজ্ঞাপন

এক পর্যায়ে গত ৭ জানুয়ারি শিউলির নির্যাতন সইতে না পেরে মিনতি বাসা থেকে বের হয়ে যায়। অসুস্থ শরীর আর চোখের পানি দেখে সন্ধ্যায় কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের জাহানারা নামে এক মহিলা মিনতিকে উদ্ধার করে চিকিৎসা ও খাবার দেয়।

পরে পুলিশকে খবর দিয়ে মিনতিকে পুলিশের কাছে বুঝে দেয়। খবর পেয়ে মিনতির অভিভাবক খালু আবুল কাশেম বাদী হয়ে মামলা করেন। পুলিশ তাৎক্ষনিক শিক্ষিকা শিউলি মল্লিকাকে গ্রেপ্তার করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.