Sylhet Today 24 PRINT

মঙ্গলবার অর্ধ দিবস হরতাল সমর্থনে চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের মশাল মিছিল

তোফাজ্জেল অভি, চট্টগ্রাম |  ০২ নভেম্বর, ২০১৫

দেশে একের পর এক মুক্তচিন্তার লেখক, ব্লগার ও প্রকাশকদের হত্যা ও হামলার প্রতিবাদে এবং দায়ি উগ্র ধর্মীয় গোষ্ঠীর সদস্যদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা দেশব্যপী মঙ্গলবার অর্ধদিবস হরতালের সমর্থনে চট্টগ্রামে সোমবার সন্ধ্যায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা ও তিনজনকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে অর্ধদিবস হরতালের সমর্থনে এ মশাল মিছিল করেছে গণজাগরণ মঞ্চ, চট্টগ্রাম।

সোমবার (২ নভেম্বর) বিকেলে নগরীর চেরাগী পাহাড় মোড় থেকে মশাল মিছিল বের হয়ে। মিছিলে গণজাগরণ মঞ্চের সংগঠক, শিক্ষক, ছাত্রনেতা ও পেশাজীবীরা অংশ নেন। নগরীর আন্দরকিল্লা মোড় ও শহীদ মিনার হয়ে নিউ মার্কেট চত্বরে এসে মিছিলটি শেষ হয়।

নিউমার্কেট চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ থেকে মঙ্গলবারের হরতাল সফল করার আহ্বান জানানো হয়।

সমাবেশে গণজাগরণ মঞ্চের সদস্য সচিব ডা. চন্দন দাশ বলেন, একের পর এক মুক্তমনা লেখকদের হত্যা করা হলেও এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়নি। অবিলম্বে জড়িতদেও গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামের সব শ্রেণি-পেশার মানুষকে হরতাল সফল করতে আহ্বান জানাই।

মিছিলে অংশ নেন গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান, গণজাগরণ মঞ্চের সংগঠক সুনীল ধর, চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শিমুল বৈষ্ণব, গণজাগরণ মঞ্চের সংগঠক হাবিব বিপ্লব, ছাত্রফ্রন্ট চট্টগ্রাম জেলার শাখার সভাপতি আল কাদেরী জয়, মুক্তিযোদ্ধা পঞ্চানন চৌধুরী ও তপন দস্তিদার, শিক্ষিকা সালমা জাহান মিলি, উদীচী সম্পাদকমন্ডলীর সদস্য অন্তরা দে, সাংবাদিক প্রীতম দাশ, পাঠাগার সংগঠক অমিতাভ সেন, গণজাগরণ কর্মী রঞ্জন সাহা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.