Sylhet Today 24 PRINT

দীপন হত্যা মামলা যাচ্ছে ডিবিতে

সিলেটটুডে ডেস্ক  |  ০৩ নভেম্বর, ২০১৫

জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপনকে তার শাহবাগস্থ কার্যালয়ে কুপিয়ে হত্যার মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে যাচ্ছে।

সোমবার (০২ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপ-কমিশনার (ডিসি) মাসরুকুর রহমান খালেদ।

তিনি বলেন, মামলাটি ডিবিতে হস্তান্তরের কথা রয়েছে। মামলায় যতোটুকু তদন্ত এগিয়েছে, তার নথিপত্র শাহবাগ থানা পুলিশের কাছে চাওয়া হয়েছে।

মাসুকুর রহমান খালেদ আরও বলেন, নথিপত্র আনুষ্ঠানিকভাবে হাতে আসার পর আমরা তদন্ত শুরু করবো। তবে আগে থেকেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে ছায়া তদন্ত চলছিলো।

এ ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, মামলাটি এখনও আমাদের হাতে আছে। তবে তদন্তে এ পর্যন্ত যতোটুকু অগ্রগতি হয়েছে, তা চেয়েছে ডিবি। আনুষ্ঠানিক হস্তান্তরের অংশ হিসাবেই এটি চাওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন নিহত দীপনের স্ত্রী ডা. রাজিয়া রহমান।

দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও লেখক আবুল কাসেম ফজলুল হক সাংবাদিকদের জানান, শনিবার দুপুর দেড়টার দিকে বাসা থেকে বেরিয়ে অফিসে যান তার ছেলে। বিকাল সাড়ে ৪টার দিকে মোবাইলে কল করে সাড়া না পেয়ে বিকালে আজিজ সুপার মার্কেটে গিয়ে দীপনের লাশ পান তিনি।

এর আগে বেলা আড়াইটার দিকে লালমাটিয়ায় শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

এ দুটি প্রকাশনা সংস্থা থেকেই লেখক অভিজিৎ রায়ের কয়েকটি বই প্রকাশিত হয়েছে, যিনি নিজেও গত ফেব্রুয়ারিতে একইভাবে খুন হন।

একই দিনে দুই প্রকাশকের ওপর হামলার পেছনে কারা রয়েছে সে বিষয়ে পুলিশ নিশ্চিত না হলেও তাদের সন্দেহ আনসারুল্লাহ বাংলাটিমকে ঘিরে। এর আগে অভিজিৎ রায়সহ ব্লগার হত্যার তদন্তেও ওই জঙ্গি সংগঠনটির নাম উঠে এসেছে।

উল্লেখ্য, নৃশংস জোড়া হামলা চালিয়ে রাজধানীতে শনিবার (৩১ অক্টোবর) জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনকে এবং শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, রণদীপম বসু ও তারেক রহিমকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।

হামলায় আহতরা এজন্যে জঙ্গি মৌলবাদীদের দায়ি করেছেন এবং আনসার আল ইসলাম নামের এক জঙ্গি সংগঠন এর দায় স্বীকার করেছে।

বেলা আড়াইটার দিকে লালমাটিয়ায় প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা চালানো হয়। সেখান থেকে প্রতিষ্ঠানটির কর্ণধার আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে হাসপাতালে নিয়ে যখন চিকিৎসা চলছিল, তখন জানা যায় শাহবাগে আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটে আরেক প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির কার্যালয়ের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন প্রতিষ্ঠানের কর্ণধার ফয়সাল আরেফিন দীপন।

দুটি ক্ষেত্রেই হামলার পর কার্যালয়ের দরজায় তালা ঝুলিয়ে দিয়ে যায় জঙ্গি মৌলবাদীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.