Sylhet Today 24 PRINT

লেখক-ব্লগারদের রক্তের বদলা নেবে জাসদ

সিলেটটুডে ডেস্ক |  ০৩ নভেম্বর, ২০১৫

লেখক, প্রকাশক ও ব্লগার ফয়সল আরেফিন দীপনসহ সকল ব্লগার হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত বিচার ও গ্রেফতারের দাবীতে সোমবার বঙ্গবন্ধু এভিনিউতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ।

সমাবেশে বক্তারা বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারাই একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে চলেছে।

জাসদ নেত্রী শিরিন আক্তার বলেন, ‘আমরা রাজীব, অভিজিতসহ একের পর এক লেখক-ব্লগার মুক্তচিন্তার মানুষকে হারাচ্ছি যার সর্বশেষ শিকার দীপন। তাদের রক্তের বদলা নেওয়া হবে।

একই দাবীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। বাম সংগঠনগুলোর দাবি, টার্গেট করে হত্যা করা হচ্ছে অথচ এ ঘটনায় জড়িত কাউকে ধরতে না পেরে চরম ব্যর্থতার প্রমাণ দিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি লাকি আক্তার বলেন, ‘দীপন হত্যাসহ এযাবৎ মুক্তমতের মানুষগুলোর হত্যাকাণ্ডের হোতাদের ধরতে না পারা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি’।

দুপুর ২টা পর্যন্ত ফয়সল আরেফিন দীপন হত্যার প্রতিবাদে শাহবাগের আজিজ সুপার মার্কেট বন্ধ রাখে ব্যবসায়ীরা। বই বিক্রি ও এ সংক্রান্ত সব কাজ বন্ধ ছিলো।

আজিজ সুপার মার্কেটে নিরাপত্তা বাড়াতে নতুন করে আরও সিসি ক্যামেরা লাগানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.