সিলেটটুডে ডেস্ক | ০৩ নভেম্বর, ২০১৫
মাসিক রম্য পত্রিকা ‘উন্মাদ’র প্রধান সম্পাদক, রম্য লেখক ও কার্টুনিষ্ট আহসান হাবীবকে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত জঙ্গিরা বলে অভিযোগ পাওয়া গেছে।
তাঁর এ ব্যক্তি পরিচয়ের পাশাপাশি তিনি বিশিষ্ট কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এবং অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ছোট ভাই।
হুমকি পাওয়ার পর ০৩ নভেম্বর রাতে নিরাপত্তা চেয়ে বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন খানের বরাত দিয়ে দৈনিক আমাদের সময় লিখেছে, সোমবার রাত ১১টার দিকে আহসান হাবীব থানায় এসে সাধারণ ডায়েরি করেছেন।
স্যাটায়ার ও লেখালেখির কারণে তিনি হত্যার হুমকি পেয়েছেন বলে জিডিতে উল্লেখ করেছেন আহসান হাবীব। তবে লেখক আহসান হাবীবের সাথে যোগাযোগ করা যায়নি।
সুত্র: সাহস২৪ ও আমাদের সময়