Sylhet Today 24 PRINT

দীপন হত্যা ও লেখক-প্রকাশক হত্যাচেষ্টা মামলা ডিবিতে হস্তান্তর

সিলেটটুডে ডেস্ক |  ০৩ নভেম্বর, ২০১৫

জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপন হত্যা ও শুদ্ধস্বরের স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল, রণদীপম বসু ও তারেক রহিম হত্যাচেষ্টা মামলা গোয়েন্দা (ডিবি) পুলিশে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) মহানগর গোয়েন্দা পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম বিষয়টি সংবাদমাধ্যমকে জানান।

সোমবার (২ নভেম্বর) দুপুরে অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেন নিহত দীপনের স্ত্রী ডা. রাজিয়া রহমান। এদিন মোহাম্মদপুর থানায় অপর মামলাটি করা হয়।

উল্লেখ্য, নৃশংস জোড়া হামলা চালিয়ে রাজধানীতে শনিবার (৩১ অক্টোবর) জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনকে এবং শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, রণদীপম বসু ও তারেক রহিমকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।

হামলায় আহতরা এজন্যে জঙ্গি মৌলবাদীদের দায়ি করেছেন এবং আনসার আল ইসলাম নামের এক জঙ্গি সংগঠন এর দায় স্বীকার করেছে।

একই দিনে দুই প্রকাশকের ওপর হামলার পেছনে কারা রয়েছে সে বিষয়ে পুলিশ নিশ্চিত না হলেও তাদের সন্দেহ আনসারুল্লাহ বাংলাটিমকে ঘিরে। এর আগে অভিজিৎ রায়সহ ব্লগার হত্যার তদন্তেও ওই জঙ্গি সংগঠনটির নাম উঠে এসেছে।

শনিবার (৩১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে লালমাটিয়ায় প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা হয়। সেখান থেকে প্রতিষ্ঠানটির কর্ণধার আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে হাসপাতালে নিয়ে যখন চিকিৎসা চলছিল, তখন জানা যায় শাহবাগে আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটে আরেক প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির কার্যালয়ের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন প্রতিষ্ঠানের কর্ণধার ফয়সাল আরেফিন দীপন।

দুটি ক্ষেত্রেই হামলার পর কার্যালয়ের দরজায় তালা ঝুলিয়ে দিয়ে যায় জঙ্গি মৌলবাদীরা।

জাগৃতি ও শুদ্ধস্বর প্রকাশনী থেকে লেখক অভিজিৎ রায়ের কয়েকটি বই প্রকাশিত হয়েছে, যিনি নিজেও গত ফেব্রুয়ারিতে একইভাবে খুন হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.