Sylhet Today 24 PRINT

হুমকি পেয়েছেন আহসান কবির, আহসান হাবীব নয়

ডেস্ক রিপোর্ট |  ০৩ নভেম্বর, ২০১৫

রম্য লেখক ও উন্মাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীবকে হত্যার হুমকি দেওয়ার খবরটি 'গুজব' ছিল বলে লেখক নিজেই জানিয়েছেন। নাম বিভ্রাটের কারণে এমন গুজব ছড়িয়েছে বলে জানা যায়।

সোমবার (০৩ নভেম্বর) রাতে জীবনের নিরাপত্তা চেয়ে বনানী থানায় আহসান কবির নামে এক লেখক একটি সাধারণ ডায়েরি করেন। এর ভিত্তিতেই আহসান হাবীবকে হত্যার হুমকির গুজবটি ছড়িয়ে পড়ে।

জানা যায়, নিরাপত্তার শঙ্কায় জাগৃতি প্রকাশনীর লেখক আহসান কবির গতকাল সোমবার রাতে বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বনানী থানার দায়িত্বরত কর্মকর্তা আহসান কবিরের জিডির খবরটি নিশ্চিত করেন।

শনিবার (৩১ অক্টোবর) জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনকে হত্যা, কবি তারেক রহিম, শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল ও লেখক-গবেষক রণদীপম বসুর ওপর হামলা করে উগ্র ধর্মীয় গোষ্ঠি। এরপর থেকেই লেখক-প্রকাশকদের মধ্যে নানান আতংক ছড়িয়ে পড়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.