Sylhet Today 24 PRINT

নুরের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার মামলার প্রতিবেদন ফের পেছাল

সিলেটটুডে ডেস্ক |  ২১ জানুয়ারী, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ ৬ জনের বিরুদ্ধে রাজধানীর লালবাগ থানায় হওয়া ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) এ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা আগামী ৮ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের নতুন করে ধার্য করেন।

বিজ্ঞাপন

গত ২০ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী লালবাগ থানায় মামলাটি করেন। মামলায় মোট ৬ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে ধর্ষণে সহযোগী হিসেবে এজহারে ৩ নম্বর আসামি হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়।

মামলার প্রধান আসামি করা হয় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে। ধর্ষণের স্থান হিসেবে লালবাগ থানার নবাবগঞ্জ বড় মসজিদ রোডে হাসান আল মামুনের বাসার কথা উল্লেখ করা হয়।

নুর ও মামুন ছাড়া মামলার অন্য আসামিরা হলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ ও মো. সাইফুল ইসলাম, একই সংগঠনের সহ-সভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.