Sylhet Today 24 PRINT

রুমিন ফারহানা টিকা নেননি, ভাইরাল ছবিটি ডা. শামীমার

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জানুয়ারী, ২০২১

বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা টিকা নিচ্ছেন এমন একটি ছবি বেশ ভাইরাল হয়েছে ফেসবুকে। মাস্কে মুখ ঢাকা এক নারীর ওই ছবি রুমিন ফারহানার বলে দাবি করে স্ট্যাটাস দিয়েছেন অনেকে।

তবে এই ছবিটি বিএনপি নেতা রুমিন ফারহানার নয়। টিকা গ্রহণকারী ওই নারীর নাম শামীমা আক্তার, তিনি ঢাকা মেডিকেল কলেজের একজন চিকিৎসক। ডা. শামীমা বৃহস্পতিবার নিজ কর্মস্থল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই করোনার টিকা নেন।

নিজের ছবি এভাবে ফেসবুকে ছড়িয়ে পড়ায় বিব্রত ডা. শামীমা। তিনি বলেন, ‘রুমিন ফারহানা দাবি করে অনেক মানুষ আমার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বিষয়টি আমার নজরে আসে।

‘আমি আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেলে করোনা ভ্যাকসিন নিয়েছি। এরপর থেকেই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ি। হঠাৎ বিকেলের দিকে দেখি আমার ছবি রুমিন ফারহানার হিসেবে ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়েছে। আমি অবাক হয়ে গেছি দেখে।’


রুমিন ফারহানা বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেন, ‘একজন নারীর টিকা নেবার ছবি দিয়ে আমি টিকা নিচ্ছি বলে ষড়যন্ত্রমূলকভাবে যে প্রচারণা চালানো হচ্ছে তার জবাবে বলছি… আমি করোনার টিকা নেইনি।’

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আমাকে আরও অনেক সাংবাদিক কৌতূহলবশত নক করেছেন, জানতে চেয়েছেন। আমি নিজে কনফার্ম ছিলাম যে তিনি টিকা নেননি। তারপরেও উনার সাথে যোগাযোগ করেছি সাংবাদিকদের কথায়।

‘‘তাকে (রুমিন ফারহানা) জিজ্ঞেস করতেই সে হেসে বললেন, ‘নারে ভাই আমি টিকা নিইনি। টিকা নিলে অবশ্যই দেশবাসী জানবেন, সাংবাদিকরা জানবেন।’’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.