Sylhet Today 24 PRINT

গুলির মামলায় সাংসদ লিটনের জামিন হয় নি

সিলেটটুডে ডেস্ক |  ০৪ নভেম্বর, ২০১৫

গাইবান্ধা-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন লুটপাট মামলায় জামিন পেলেও নয় বছর বয়সী শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় জামিন পাননি।

এ নিয়ে তৃতীয় দফায় আবেদন করেও জামিন পাননি সুন্দরগঞ্জের এ সাংসদ। ফলে কারাগারেই থাকতে হবে তাকে।

গত ২ অক্টোবর গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য লিটনের ছোড়া গুলিতে সৌরভ আহত হয়। পরদিন তার বাবা সাজু মিয়া এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ এনে লিটনসহ ১০ জনকে আসামি করেগত ৪ অক্টোবর সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামের হাফিজার রহমান মামলাটি করেন।

তবে ওই ঘটনার পর সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন তিনি।

দুই মামলাতেই একই আদালত গত ১৫ ও ২৫ অক্টোবর লিটনের জামিন আবেদন নামঞ্জুর করে।

এমপি লিটনের আইনজীবী মো. সিরাজুল ইসলাম বাবু জানান, বুধবার (৪ নভেম্বর) দুপুরে সুন্দরগঞ্জ আমলী আদালতের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. মইনুল হাসান হামলা, ভাংচুর ও লুটপাটের মামলায় জামিন আবেদনের শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেছেন। একই আদালত সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় তাকে জামিন দেয়নি।

এমপি লিটন গাইবান্ধা জেলা কারাগারে রয়েছেন। বুধবার শুনানিতে তাকে হাজির করা হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.