Sylhet Today 24 PRINT

নববধূর মুখ ঝলসে দিলেন স্বামী

সিলেটটুডে ডেস্ক  |  ৩০ জানুয়ারী, ২০২১

ভাইকে বিদেশে পাঠাবেন। এ জন্য স্ত্রীকে বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে হবে। স্ত্রীর বাবার নিকট থেকে ছয় লাখ টাকার দাবি করেন স্বামী। অসহায় শ্বশুর টাকা দিতে অস্বীকৃতি জানালে নববধূ মিতু খাতুনের (১৯) মুখ দাহ্য পদার্থ দিয়ে ঝলসে দেন পাষণ্ড স্বামী আরিফ হোসেন।

নির্মম এই ঘটনাটি ঘটেছে পাবনার ঈশ্বরদী শহরের বাবুপাড়ায়। হাসপাতালে মেয়ের চিকিৎসা শেষে জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন শ্বশুর।

শুক্রবার পুলিশ অভিযুক্ত আরিফ হোসেনকে (২২) আটক করে পাবনা জেলহাজতে প্রেরণ করে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, দুই মাস সাত দিন আগে উপজেলার সাঁড়া ইউনিয়নের আড়মবাড়িয়া এলাকার মজিবর রহমানের মেয়ে মিতু খাতুনের সঙ্গে শহরের বাবুপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে আরিফের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আরিফ স্ত্রী মিতুর মাধ্যমে যৌতুক দাবি করে নির্যাতন চালিয়ে আসছিল।

সম্প্রতি ছোট ভাই আলমগীরকে বিদেশ পাঠানোর জন্য টাকার প্রয়োজন হওয়ায় স্ত্রীর মাধ্যমে শ্বশুরের নিকট ছয় লাখ টাকা দাবি করেন আরিফ। টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গত মাসের ২৫ জানুয়ারি খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে স্ত্রীকে খাওয়ান তিনি। মিতু অচেতন হয়ে পড়লে তার মাথার চুল ও চোখের ভ্রু কেটে মুখে দাহ্যপদার্থ মাখিয়ে দেন আরিফ।

মিতু খাতুন জানান, প্রতিবেশীরা উদ্ধার করে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় তিনি তার স্বামী আরিফের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবীর জানান, আহত মিতুর বাবা বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি অধিকতর তদন্ত পূর্বক সত্যতা পাওয়ায় মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। শুক্রবার বিকালে আসামি আরিফকে গ্রেপ্তার করে পাবনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.