Sylhet Today 24 PRINT

হত্যার পর জাপা নেতার লাশ মাটিচাপা দেয় রোহিঙ্গা কর্মচারীরা

সিলেটটুডে ডেস্ক  |  ৩০ জানুয়ারী, ২০২১

নিখোঁজের এক মাসের মাথায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা জাতীয় পার্টি (জাপা) নেতা আনোয়ার হোসেনের(৪২) গলিত লাশ উদ্ধার করেছে লোহাগাড়া পুলিশ।

শুক্রবার দিবাগত রাত দেড়টায় লোহাগাড়ার দরবেশহাট সওদাগরপাড়া নিজ বাড়ি সংলগ্ন খামারবাড়ির মাটি খুঁড়ে তার লাশ উদ্ধার করা হয়। হত্যার পর এখানেই তাকে মাটিচাপা দেওয়া হয়েছিল।

আনোয়ার লোহাগাড়া সদর ইউনিয়নের মৃত আহমদ সওদাগরের ছেলে। পেশায় তিনি গরু ব্যবসায়ী ছিলেন। তার গরুর খামার রয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মাহমুদ জানান, এক রোহিঙ্গা যুবককে আটক করার পর তার দেয়া তথ্য এবং দেখানো মতে খামার বাড়ির পেছন থেকে মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, খামার বাড়িতে গরু দেখভাল করতেন দুই রোহিঙ্গা যুবক। নিখোঁজের কিছুদিন আগে রোহিঙ্গা কর্মচারীদের সঙ্গে আনোয়ারের ঝগড়া হয়। হয়তো সে ক্ষোভে বা আনোয়ারের সঙ্গে থাকা টাকা আত্মসাৎ করতে তারা আনোয়ারকে হত্যা করেছেন বলে ধারণা করছে স্বজনরা।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জানান, হত্যাকাণ্ডের সঙ্গে ২ থেকে ৩ জন অংশ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুই রোহিঙ্গা যুবককে আমরা চিহ্নিত করেছি। ইতোমধ্যে টেকনাফের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে একজনকে আটকের পর তিনি জিজ্ঞাসাবাদে আনোয়ারকে হত্যার কথা স্বীকর করেছেন। তার দেখানো মতে শুক্রবার রাতে লাশ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর নিখোঁজ হন লোহাগাড়া উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আনোয়ার হোসেন। পরিবার থেকে তখন বলা হয়েছিল আনোয়ারকে কেউ তাকে অপহরণ করে নিয়ে গেছে এবং নিখেঁজের কয়েক দিনের মাথায় অজ্ঞাত নম্বার থেকে ফোন করে ১০ লাখ টাকা চাঁদাও দাবি করা হয়েছে। পরে পুলিশ তদন্ত করে বুঝতে পারে টাকা চাওয়ার বিষয়টি স্রেফ প্রতারণা।

এ ঘটনায় আনোয়ার হোসেনের ছোটভাই মো. সেলিম বাদী হয়ে লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

নিখেঁজের পর পরিবারের সদস্যরা জানিয়েছিলেন, গত ৩১ ডিসেম্বর আনোয়ার তার দরবেশহাট সওদাগরপাড়া এলাকার খামারবাড়িতে ছিলেন। সেখান থেকে টমটমযোগে বটতলী মোটর স্টেশনে ফোরকান টাওয়ারে তার বাসার উদ্দেশে রওনা দেন। এরপর থেকে নিখোঁজ রয়েছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তিনি কোনো আত্মীয়স্বজনের বাসায়ও যাননি।

অপরদিকে আনোয়ারকে জীবিত ফিরে পেতে পরিবার ও বিভিন্ন সংগঠনের উধ্যোগে লোহাগাড়াতে, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.