সিলেটটুডে ডেস্ক | ০৪ নভেম্বর, ২০১৫
ধারাবাহিকভাবে মুক্তিযুদ্ধের পক্ষের লেখক, প্রকাশক, ব্লগার, রাজনৈতিক কর্মীদের উপর সংঘটিত হত্যা, হামলা, হত্যার হুমকি এবং বাংলাদেশকে ঘিরে জঙ্গিবাদী অপতৎপরতা রুখতে ‘জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিরোধ সমাবেশ’ এবং মশাল মিছিল আয়োজন করেছে ‘জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ মোর্চা’।
আগামী শুক্রবার (৬ নভেম্বর) বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ ও সমাবেশ শেষে মশাল মিছিল অনুষ্ঠিত হবে।
সমাবেশে উদ্বোধনী ভাষণ দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
সভাপতিত্ব করবেন বর্ষীয়ান সাংবাদিক আবেদ খান।
সমাবেশে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দল-ছাত্র-যুব-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, ব্লগার, সংস্কৃতি কর্মী, শিল্পী, সাহিত্যিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিশিষ্ট জনেরা বক্তব্য রাখবেন।
সমাবেশ সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এ লক্ষ্যে ফেসবুকে একটি ইভেন্টও খোলা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে এফ এম শাহীন বলেন, ধারাবাহিকভাবে লেখক, প্রকাশক, ব্লগার হত্যা এবং জঙ্গিবাদী অপতৎপরতার বিরুদ্ধে আমাদের এখনই রুখে দাঁড়াতে হবে। এজন্যে দেরি করা ঠিক হবে না।
তিনি দল-মত নির্বিশেষে মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে হাতে হাত ধরে সমাবেশে অংশগ্রহণ করে এ প্রতিবাদ ও প্রতিরোধকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহবান জানিয়েছেন।