Sylhet Today 24 PRINT

অচিরেই নকল নবিশদের চাকরি সরকারি হচ্ছে, সংসদে আইনমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০১ ফেব্রুয়ারী, ২০২১

নকল নবিশদের চাকরি সরকারিকরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘অচিরেই নকল নবিশদের চাকরি স্থায়ীকরণ করা হবে।’

সোমবার (১ ফেব্রুয়ারি) সংসদে জাতীয় পার্টির এমপি মসিউর রহমান রাঙ্গার এ সংক্রান্ত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, দেশের জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত নকল নবিশের সংখ্যা ১৬ হাজার ২৪৫ জন। সাব রেজিস্ট্রার অফিসে কর্মরত নকল নবিশদের চাকরি রাজস্ব খাতে ন্যস্ত করার পরিকল্পনা রয়েছে। তাদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে আইন ও বিচার বিভাগ ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন, অচিরেই বাস্তবায়িত হবে।

ভোলা-২ আসনের এমপি আলী আজমের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, ৫৮ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল আদালতের মাধ্যমে এক লাখ ৪৭ হাজার ৩৩৯টি জামিনের আবেদন নিষ্পত্তির মাধ্যমে ৭২ হাজার ২২৯ জনকে জামিন দেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.