Sylhet Today 24 PRINT

বগুড়ায় ‘বিষাক্ত মদপানে’ মৃত্যু বেড়ে ১০

সিলেটটুডে ডেস্ক |  ০২ ফেব্রুয়ারী, ২০২১

বগুড়ায় ‘বিষাক্ত মদপানে’ মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। প্রথম দফায় রোববার ও সোমবার সাতজনের মৃত্যু হয়। পরে মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। এর আগে গত ৩১ জানুয়ারি রাতে পুরান বগুড়া, ভবের বাজার, কাহালু, ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকায় আলাদা ঘটনায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- বগুড়া শহরের পুরান বগুড়া ঋষি পল্লীর প্রেমনাথ রবিদাস (৬০), শহরতলীর ফাঁপোড়ের রিকশা চালক জুলফিকার (৫২) ও নিশিন্দারা ধমকপাড়ার আলমগীর (৪০), রাজমিস্ত্রী রমজান আলী (৪০) ও প্রেমনাথের ছেলে সুমন (৩৮), শহরের কাটনারপাড়ার টোকাপট্টির কুলি শ্রমিক সাজু (৫৫), বাবুর্চি মোজাহার আলী (৭০), আব্দুল জলিল (৬৫)। একজনের পরিচয় এখনও জানা যায়নি।

এ ব্যাপারে স্থানীয়রা জানান, ‘রোববার রাতে তিনমাথা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে আগত লোকজন পার্শ্ববর্তী এক হোমিও দোকান থেকে অ্যালকোহল কিনে পান করেন। রাতে বাড়ি ফেরার পর সুমন, তার বাবা প্রেমনাথ, চাচা রামনাথ, প্রতিবেশী রমজান ও ব্যবসায়ী আলমগীর অসুস্থ হয়ে পড়েন।

সোমবার ভোরে তাদের বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেলে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। রমজান স্থানীয় এক ক্লিনিকে মারা যান। রাতে হোটেল ব্যবসায়ী আলমগীর অসুস্থ হয়ে পড়লে তাকে একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।

এদিকে, বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে তদন্তে মাঠে নেমেছেন জেলা পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.