Sylhet Today 24 PRINT

আল-জাজিরা হলুদ সাংবাদিকতা করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০২১

অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা হলুদ সাংবাদিকতা করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর হাতিরঝিলে পুলিশ প্লাজা কনকর্ডে নৌ-পুলিশের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, আল-জাজিরা বিশেষ উদ্দেশ্য নিয়েই এ ধরনের সংবাদ প্রকাশ করেছে। প্রতিবেদনটি তথ্যভিত্তিক নয়। এমন ভিত্তিহীন সংবাদ দেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ।

মিয়ানমারে সামরিক অভ্যুত্থান নিয়ে মন্ত্রী বলেন, মিয়ানমারে কী ঘটছে, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। মিয়ানমার সীমান্ত দিয়ে কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে, সে জন্য নজরদারি বাড়ানো হয়েছে।

ভেজাল মদ নিয়ে এক প্রশ্নের জবাবে কামাল বলেন, করোনাভাইরাসের কারণে মদ আমদানি বন্ধ, যে কারণে ভেজাল মদের উৎপাদন বাড়ছে। অসাধু ব্যবসায়ীরা ভেজাল মদ বাজারে ছড়িয়ে দিচ্ছে। তাদের ধরতে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কাজ করছে। ভেজাল কারবারিদের অনেকে এরই মধ্যে ধরা পড়েছে।

এ সময় ভেজাল মদ পান না করার আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, দেশে উৎপাদিত কেরু কোম্পানির উৎপাদন বন্ধ হয়নি। তাই মদপানে সবাইকে সতর্ক হতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.