Sylhet Today 24 PRINT

শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সাবেক এমপি হাবিবের ১০ বছরের কারাদণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ফেব্রুয়ারী, ২০২১

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলার রায় ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির এই রায় ঘোষণা করেন।

রায়ে মামলার প্রধান আসামি সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিবুল ইসলাম হাবিবসহ তিনজনের ১০ বছর করে এবং বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে।

মামলায় ৫০ আসামির মধ্যে বৃহস্পতিবার হাবিবসহ ৩৪ জন আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।

২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা হয়। এ ঘটনায় করা মামলায় বাদী ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয় গত ২৭ জানুয়ারি।

ওই দিন মামলার প্রধান আসামি সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৪ জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান আদালত।

৫০ আসামির একজন টাইগার খোকন অন্য মামলায় জেলহাজতে আটক রয়েছেন। সাবেক কাউন্সিলর আব্দুল কাদের বাচ্চুসহ ১৫ জন পলাতক।

গাড়িবহরে ওই হামলায় শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তার সফরসঙ্গী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ফাতেমা জামান সাথী, আবদুল মতিন, জোবায়দুল হক রাসেল, শহীদুল হক জীবনসহ অনেকেই আহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.