Sylhet Today 24 PRINT

১৬ ফেব্রুয়ারি অভিজিৎ হত্যার রায়

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ফেব্রুয়ারী, ২০২১

ব্লগার ও বিজ্ঞান বিষয়ক লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় আগামী ১৬ ফেব্রুয়ারি রায়ের জন্যে দিন ধার্য করেছে আদালত।

দুই পক্ষের যুক্ততর্ক শুনানি শেষে বৃহস্পতিবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ মামলার রায়ের দিন নির্ধারণ করেন।

বুধবার রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) গোলাম সারোয়ার খান তার চূড়ান্ত বক্তব্যে মামলায় অভিযুক্ত সব আসামির মৃত্যুদণ্ড চেয়েছেন।

গোলাম সারোয়ার খান আদালতে বলেন, এ মামলায় রাষ্ট্রপক্ষে ২৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। তিনজন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী এ বি এম খায়রুল ইসলাম যুক্তিতর্কে আসামিদের নির্দোষ দাবি করেন।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে চাপাতির কোপে ব্লগার ও লেখক অভিজিৎ রায় নিহত হন। এ সময় তার স্ত্রী রাফিদা আহমেদ আহত হন। অভিজিৎ ও রাফিদা যুক্তরাষ্ট্রের নাগরিক। অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে তারা দেশে এসেছিলেন। মেলা থেকে বেরিয়ে বাসায় ফেরার পথে তারা ওই হামলার শিকার হন। এ ঘটনায় অভিজিৎ রায়ের বাবা অজয় রায় শাহবাগ থানায় হত্যা মামলা করেন।

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট এ মামলা তদন্ত করে। ২০১৯ সালের ১৩ মার্চ মেজর সৈয়দ জিয়াউল হকসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অভিজিৎ হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন আরাফাত রহমান ওরফে শামস ওরফে সাজ্জাদ, মোজাম্মেল হোসেন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার, আবু সিদ্দিক ওরফে সোহেল ওরফে সাকিব, আকরাম হোসেন আবির ওরফে আদনান ও শফিউর রহমান ফারাবী। আসামিদের মধ্যে জিয়াউল ও আকরাম পলাতক। অন্যরা গ্রেপ্তার আছেন।

২০১৯ সালের ১ আগস্ট ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর ওই বছরের ২৮ অক্টোবর নিহত অভিজিৎ রায়ের বাবা অজয় রায় আদালতে সাক্ষ্য দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.