Sylhet Today 24 PRINT

টিকা দিতে চেয়েছে বাংলাদেশ, নেবে না হাঙ্গেরি

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ফেব্রুয়ারী, ২০২১

গত রোববার জাতীয় সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছিলেন, ইউরোপের দেশ হাঙ্গেরি বাংলাদেশের কাছে পাঁচ হাজার ডোজ করোনাভাইরাসের টিকা চেয়েছে। সেটা পাঠানো হবে। এ ছাড়া বলিভিয়াও টিকা চেয়ে চিঠি দিয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধান্ত দেবেন।

তবে হাঙ্গেরির ইংরেজি নিউজ পোর্টাল হাঙ্গেরি টুডের বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের অনুদানের টিকা নেবে না বলে জানিয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এমন সিদ্ধান্তের কারণ সম্পর্কে মন্ত্রণালয় বিস্তারিত কোনো মন্তব্য করতে চায়নি।

হাঙ্গেরির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘এমন প্রস্তাবের জন্য আমরা বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছি। তবে তা আমরা গ্রহণ করব না।’

হাঙ্গেরি টুডের খবরে বলা হয়, ব্লিক নামের একটি ট্যাবলয়েড পত্রিকা গত বধুবার এক খবরে জানায় যে হাঙ্গেরির চিকিৎসকেরা বাংলাদেশের পাঁচ শতাধিক আগুনে পোড়া রোগীকে সেবা দেওয়ায় এবং যমজ বোন রাবেয়া–রোকেয়াকে আলাদা করায় কৃতজ্ঞতাস্বরূপ পাঁচ হাজার করোনার টিকা দিতে চেয়েছে বাংলাদেশ।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শুক্রবার একটি জাতীয় দৈনিকের সঙ্গে আলাপকালে বলেন, হাঙ্গেরিকে টিকা দেওয়ার কথাবার্তা তিনি শুনেছেন। কিন্তু তার মন্ত্রণালয় এ বিষয়ে কিছুই জানে না, কোনো আলোচনাও হয়নি। টিকা দিতে হলে সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানাতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ কেন অন্য দেশকে টিকা দিতে যাবে, বাংলাদেশই তো আরেক দেশ থেকে আনছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.