Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রে সেনাপ্রধানের ব্যস্ত সময় পার

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ফেব্রুয়ারী, ২০২১

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে দেশটিতে সফর করছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। গত ২৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা থেকে রওনা দেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদ যুক্তরাষ্ট্র সফরকালে অফিস অব দ্য সেক্রেটারি অব ডিফেন্স ফর পলিসি সাউথ ও সাউথইস্ট এশিয়াতে আঞ্চলিক প্রতিরক্ষা এবং দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতা বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করছেন।

এছাড়াও তিনি মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রশিক্ষণ সুবিধা পরিদর্শন করছেন।

মার্কিন সেনাপ্রধান ম্যাক কনভিলের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও আলোচনায় অংশগ্রহণ করেন তিনি। সাক্ষাতকালে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মিলিটারি অ্যাডভাইজর এবং আন্ডার সেক্রেটারি জেনারেলদের সঙ্গেও মতবিনিময় করছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সদস্য সংখ্যা বৃদ্ধি, বিভিন্ন শান্তিরক্ষা মিশন সুষ্ঠুভাবে পরিচালনা এবং নীতিনির্ধারণী পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সফর শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ১২ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.