Sylhet Today 24 PRINT

সারাদেশে গণ টিকাদান শুরু

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০২১

ফাইল ছবি

মহামারী থেকে মুক্তির প্রত্যাশার মধ্যে সারা দেশে একযোগে শুরু হয়েছে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণ টিকাদান কার্যক্রম শুরু করেন।

ইতিমধ্যেই দেশে আসা ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৭০ লাখ টিকা দিয়েই শুরু হলো এই টিকাদান কর্মসূচি। যার মধ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছে ২০ লাখ এবং বাংলাদেশ কিনেছে ৫০ লাখ টিকা।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল ১০টা থেকে ঢাকাসহ জেলা-উপজেলায় টিকাদান শুরু হবে। এরপর থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত টিকা দেওয়া হবে। যারা টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন, তাদের মোবাইলে গতকাল রাতের মধ্যেই এসএমএস চলে যাওয়ার কথা।

প্রথম দফায় অগ্রাধিকারভিত্তিক ১৮ শ্রেণির করোনাসম্মুখযোদ্ধা এবং ৫৫ বছর-ঊর্ধ্ব নাগরিকরা বিনামূল্যে এই টিকা পাচ্ছেন।

রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনার টিকা নেন হাই কোর্টের বিচারপতি জিনাত হক ও বিচারপতি এম. ইনায়েতুর রহিম। টিকা নেওয়ার পর বিচারপতি এম. ইনায়েতুর রহিম বলেন, করোনা টিকা নিয়ে মানুষের ভীতি কেটে যাবে।

এদিকে টিকাদানের প্রথম দিনে আজ ঢাকাসহ সারা দেশে ১ হাজার ৫টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়া হবে। এর মধ্যে ঢাকার ৫০টি কেন্দ্র রয়েছে। ঢাকায় ২০৪টি এবং ঢাকার বাইরে ২ হাজার ১৯৬টি স্বাস্থ্যকর্মীদের দল এসব কেন্দ্রে সরাসরি টিকাদানে নিয়োজিত থাকবেন। ধারাবাহিকভাবে করোনাভাইরাসের টিকা দেওয়ার জন্য স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের নিয়ে মোট ৭ হাজার ৩৪৪টি দল টিকাদান কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.