Sylhet Today 24 PRINT

নিবন্ধন করতে না পারলে কেন্দ্রে গেলেই ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০২১

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভ্যাকসিন গ্রহণ করার জন্য নিবন্ধন করতে না পারলে কেন্দ্রে গেলেই ভ্যাকসিন দেওয়া হবে। কোনো ব্যক্তিকে ফেরত পাঠানো হবে না।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য অধিদফতরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিবন্ধন ছাড়া কোনো ব্যক্তি ভ্যাকসিন গ্রহণ করলে সেই ব্যক্তির তথ্য রেখে দেওয়া হবে। পরে সরকার তার নিবন্ধন করে নেবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা বছর ভ্যাকসিন কার্যক্রম চলবে। এটা এক মাসের কাজ নয়। বছরজুড়েই করোনাভাইরাসের (কভিড-১৯) গণটিকাদান কর্মসূচি চলবে।

জাহিদ মালেক বলেন, করোনার টিকা পেতে ছয় মাস সময় লাগবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে কোভ্যাক্স (করোনার টিকা) আসবে। সেই টিকা দেওয়া হবে।

জাহিদ মালেক বলেন, মন্ত্রী-এমপিসহ সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আজ টিকা নেবেন। এতে জনগণ আরও উদ্বুদ্ধ হবে। আপনারা টিকা নিন, সুস্থ থাকুন।

উল্লেখ্য, নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সারাদেশের এক হাজার পাঁচটি হাসপাতালে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ভ্যাকসিন প্রয়োগের জন্য রাজধানীর ৫০টি হাসপাতাল ও রাজধানীর বাইরে ৯৫৫টি হাসপাতালকে প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে সারাদেশে ভ্যাকসিন প্রয়োগের জন্য কাজ করবে দুই হাজার চারশ টিম। তবে এই ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে সাত হাজার ৩৪৪টি টিম। ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি চলবে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.