Sylhet Today 24 PRINT

টিকা নিলেন স্বাস্থ্যমন্ত্রীসহ একাধিক মন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০২১

করোনাভাইরাসের টিকা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট হাসপাতালে তিনি টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।

এ সময় একে একে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন টিকা নেন।

শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতলে পৃথক পাঁচটি বুথে ১৬২ জনকে টিকা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে রয়েছেন সরকারের বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, চিকিৎসক এবং সাধারণ লোকজন।

এরআগে সকাল ১০টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশজুড়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “টিকা দেওয়ার সব ব্যবস্থা নেয়া হয়েছে। আমরাও আজ (রোববার) টিকা নিব। কেউ অ্যাপে নিবন্ধন না করে কেন্দ্রে গেলেও তাকে টিকা দেওয়া হবে। কেউ টিকা না নিয়ে ফিরে যাবে না।

মন্ত্রী বলেন, সারাবছর টিকা কর্মসূচি চলবে। টিকার পরবর্তী ব্যবস্থাও হাসপাতালগুলোতে নেয়া হয়েছে।

টিকা প্রয়োগে দেশের পরিস্থিত আবারও স্বাভাবিক হবে, আবারো মানুষের কাজের গতি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, যারা এই পর্যন্ত টিকা নিয়েছেন তারা সুস্থ রয়েছেন।

এরআগে সকাল সকাল ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে টিকা নেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জিনাত হক, হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহমান, একই বেঞ্চের বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি মোহাম্মদ সামাদ। এছাড়াও চট্টগ্রামে টিকা নিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। রাজশাহীতে এমপি ফজলে হোসেন বাদশা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.