Sylhet Today 24 PRINT

আশুলিয়ায় পুলিশ হত্যার ঘটনায় মামলা, তদন্তে কমিটি

সিলেটটুডে ডেস্ক |  ০৫ নভেম্বর, ২০১৫

সাভারের আশুলিয়ায় শিল্প পুলিশ-১-এর কনস্টেবল মুকুলকে কুপিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেছে পুলিশ। তদন্তে গঠিত হয়েছে তিন সদস্যের কমিটি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে আশুলিয়া থানায় মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) আজাহারুল ইসলাম। মামলা নং ৮।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, শিল্প পুলিশ কনস্টেবল হত্যার ঘটনায় অজ্ঞাত কয়েকজনের নামে আশুলিয়া থানায় সকালে বাদী হয়ে মামলা করেন থানার এসআই আজাহারুল ইসলাম।

এ ঘটনায় গঠন করা হয়েছে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। তবে সদস্যদের নামের তালিকা এখনো হাতে পৌঁছেনি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এদিকে, বুধবার ঘটনার পর সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। পুরো এলাকাজুড়ে চিরুনি অভিযান শুরু করেছে পুলিশ।

ওই ঘটনায় তিনজন হামলাকারী অংশ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানালেও মামলার এজাহারে পুলিশ কোনো সংখ্যা উল্লেখ করেনি। ঘটনার পর সাভারে অন্তত ১৫টি স্পটে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ। স

ন্দেহজনক মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনার পর বাড়ইপাড়ার নন্দন পার্কের সামনে থমথমে অবস্থা বিরাজ করছে। বন্ধ রয়েছে ঘটনাস্থলের পাশের সব দোকানপাট।

এএসপি নাজমুল বলেন, ঘটনার পর থেকে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন সাতজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে এখনও মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।

বুধবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়ইপাড়া এলাকায় পুলিশের তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে মুকুল হোসেন নামের এক কনস্টেবলকে হত্যা এবং আরও একজনকে জখম করে মোটর সাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

তবে হামলার পর ঘটনাস্থল পরিদর্শনের সময় ‍অতিরিক্ত আইজিপি জাবেদ পাটোয়ারী সাংবাদিকদের বলেন, যারাই এ ঘটনা ঘটিয়েছে, তারাই সবাই প্রশিক্ষিত। গত মাসে ঢাকার গাবতলীর হামলা এবং বাড়ইপাড়ার হামলা একই সূত্রে গাঁথা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.